সেই আলি খানই করলেন ভারত শিবিরে প্রথম আঘাত

প্রথম দফায় ভিসা প্রত্যাখ্যান। নানা জটিলতায় ভারতে আলি খান। এরপর নিজের প্রথম ওভারেই অভিষেক শর্মা তার শিকার।

প্রথম দফায় ভিসা প্রত্যাখ্যান। নানা জটিলতায় ভারতে আলি খান। এরপর নিজের প্রথম ওভারেই অভিষেক শর্মা তার শিকার। প্রতিবন্ধকতা ডিঙিয়ে দূর্দান্ত কামব্যাক। রুপকথার নতুন উপাখ্যান।

পাকিস্তানি বংশদ্ভুত আলি খান, যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম প্রধান। সেই বোলারকেই প্রথমে ভিসা দিতে চায়নি ভারত। কারণ পাকিস্তানের সাথে তার উত্তরাধিকার সূত্রের সম্পর্ক। তা নিয়ে অবশ্য তার ছিল না খুব একটা মাথাব্যথা। ফ্রাইড চিকেন খেতে খেতেই তিনি করেছিলেন হাসি-তামাশা।

কিন্তু জলঘোলার পর, আলি খান পেয়েছিলেন ভারতের ভিসা। যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে খেলতে নামলেন ভারতের বুকে, সেই ভারতের বিপক্ষেই। বোলিং প্রান্তে এলেন তিনি ইনিংসের দ্বিতীয় ওভারে। তার ছোড়া দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফেরেন অভিষেক, তাও আবার শূন্যরানে। এ যেন অষ্টম আশ্চর্যের বিষয়! অভিষেক ফিরছেন খালি হাতে- এমনটা যে ঘটে না সচারচর।

সেই অভিষেক শর্মাই কি-না বনে গেলেন আলি খানের শিকার! যে আলি খানের বিশ্বকাপে খেলা নিয়েই হয়েছিল রাজ্যের টালবাহানা। তাতে বরং টলেনি তার দৃঢ় মানসিকতা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলতে নামলেন তিনি নিজেকে প্রমাণের ব্রত নিয়ে। অভিষেকের উইকেট তুলে নিয়ে উদযাপনে তার যেন এক ‘ক্যাজুয়াল’ অঙ্গভঙ্গি। উইকেট তুলে নেওয়া এ আর এমন কি!

দুর্ধর্ষ এক ওভার করে গেছেন তিনি ভারতের বিপক্ষে। অভিষেককে ফেরানোর ওভারে তার খরচা মাত্র দুই রান। একটা জেদ নিয়ে যে তিনি পা রেখেছেন ভারতের বুকে, সেটাই যেন তিনি প্রমাণ করলেন আগুনের ভয়ংকর সব গোলা ছুড়ে। প্রতিবন্ধকতা ডিঙিয়ে ঠিকই তিনি আলো ছড়ালেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link