কে ভেবেছিল অজানা এক শ্যাডলি শ্যাল্কউইক এমন চমক নিয়ে অপেক্ষা করছিলেন ওয়াঙখেড়ে স্টেডিয়ামে। সেটাও আবার খোদ ভারতের বিপক্ষে। পাওয়ার প্লে’র শেষ ওভারে একাই নিলেন তিন উইকেট। একই সাথে ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। এবারই প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে, এক ওভারে তিন ভারতীয় ব্যাটার ফিরে গেলেন সাজঘরে।
শুরুটা হল ঈশান কিষানকে দিয়ে। মিড অফ ক্লিয়ার করতে গিয়েছিলেন, কিন্তু বোলারের পাতা ফাঁদে ক্যাচ তুলি দিলেন মিলিন্দ কুমারের হাতে। এরপর দুই বল বিরতি দিয়ে তিলক ভার্মা। মিড উইকেটে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের হাতে ক্যাচ তুলে দিলেন। ১৬ বলে ২৫ রান করে ততক্ষণে ভার্মা বড় কিছুর আভাস দিচ্ছিলেন।

এরপর শিভম দুবে এলেন, খেললেন আর আউট হলেন। আরেকটা ক্যাচ। আগেভাগে পুল শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন, ধরা দিলেন ‘মুম্বাইয়ের ঘরের ছেলে’ সৌরভ নেত্রাভালকারের হাতে। এক উইকেটে ৪৮ রান থেকে মুহূর্তের মধ্যে চার উইকেটে ৪৯ রানে পরিণত হল ভারত।
অনন্য উপায়ে হিরো বনে গেলেন শ্যাল্কউইক। হ্যাটট্রিক বলটাতে অবশ্য অষ্টম ওভারের শুরুতে কোনো বিপদ আসতে দেননি অধিনায়ক সুরিয়াকুমার যাদব। যদিও, এক ওভারে তিন উইকেট নিয়ে ভারতের মেরুদণ্ড আগেই ভেঙে দিয়েছেন শ্যাডলি!











