বাংলাদেশ ইস্যুতে সমঝোতার চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেছে আইসিসি। ১৫ তারিখের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে নাটক এখন শেষ ধাপে। আরব আমিরাতের মুবাশ্বির উসমানির মধ্যস্থতায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্য সারির কর্মকর্তাদের সঙ্গে একটি ‘সফল’ নেগোসিয়েশনে অংশ নেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা (সিঙ্গাপুর)।
ক্রিকেট অঙ্গনে গুঞ্জন রয়েছে, পাকিস্তানকে বেশ কিছু লোভনীয় প্রস্তাব দিয়েছে আইসিসি। এর মধ্যে রয়েছে— হাইব্রিড মডেল ছাড়াই ভবিষ্যতের একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ, এমনকি সীমিত পরিসরে ভারতের সফরের প্রস্তাবও। এসব প্রস্তাবে পাকিস্তান প্রাথমিকভাবে সম্মত হলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশকে বাদ দিয়ে কোনো সমঝোতায় যেতে নারাজ।
বাংলাদেশ ইস্যুতেই এখন পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তানে একটি বিশেষ সাইডলাইন বৈঠকে যোগ দিতে লাহোরে উড়ে গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে মহসিন নাকভির সঙ্গে আইসিসির সিইও সংযোগ গুপ্তা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পাশাপাশি আলোচনায় অংশ নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), পিসিবি এবং পাকিস্তান সরকারের একাধিক শীর্ষ পদাধিকারী।

জানা গেছে, ওই বৈঠকে মহসিন নাকভি বাংলাদেশের জন্য একটি ‘কম্পেনসেশন প্যাকেজ’ প্রস্তাব করবেন। সেই প্যাকেজ যদি আইসিসি ও বিসিবি উভয় পক্ষই মেনে নেয়, তবেই ১৫ তারিখের ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হবে পাকিস্তান।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের মাটিতে খেলতে অনড় অবস্থান নেয় বিসিবি। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আহ্বান জানালেও আইসিসি তা মানেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। সেই সিদ্ধান্ত ঘিরেই আইসিসি ও পিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। এরই অংশ হিসেবে পিসিবি ও বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে বসছে আইসিসি।

আমিনুল ইসলাম বুলবুল গতকাল দিবাগত রাত একটায় লাহোরে পৌঁছান। সভা শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ওই বৈঠকে সাম্প্রতিক পুরো পরিস্থিতি নিয়েই বিস্তারিত আলোচনা হবে।
আইসিসির লক্ষ্য যেকোনো মূল্যে পাকিস্তানকে ভারতের বিপক্ষে মাঠে নামানো। আর সেই হিসেবেই বল এখন বাংলাদেশের কোর্টে, এখন দেখার বিষয়— বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কী ধরনের ক্ষতিপূরণ প্রস্তাব নিয়ে দেশে ফেরেন।










