জীবন পেলেন তিন তিনবার, ফিরে পাওয়া জীবনগুলোকে কাজেও লাগালেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার ঘাড়ের ওপর চেপে থাকা চাপকে টেনে নামালেন, ফিফটি তুলে দলকে এনে দিলেন কিছুটা স্বস্তি।
আয়ারল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসা শ্রীলঙ্কার শুরুটা সহজ মনে হলেও, সময়ের সঙ্গে সঙ্গে স্কোরকার্ডটা যেন থমকে যায়। ৮৬ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়ে স্বাগতিকরা। আর সেটা একপ্রান্তে দাঁড়িয়ে থেকে দেখছিলেন কুশল।

তবে তিনি বিচলিত হলেন না। রান রেটটা কমে আসলেও নিজের ওপর বিশ্বাস রাখলেন পুরোটা সময়। আংকরিং রোলের ওপর ভরসা করেই শেষ পর্যন্ত লড়াই চালানোর বার্তা দিয়ে গেলেন।
তবে পুরো ইনিংসটা নির্ঝঞ্ঝাট ছিল না। ভাগ্য এবং আইরিশ ফিল্ডারদের সহায়তাও পেয়েছিলেন পুরোপুরি। ১৪তম ওভারে ব্যক্তিগত খাতায় যখন ২৯ রান, তখনই তাঁকে সাজঘরের পথ বাতলে দিয়েছিলেন আম্পায়ার। লেগ বিফোরের ফাঁদে পড়ে ইনিংসের সমাপ্তি হতে পারত তখনই। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় পান রক্ষা।

এরপর ৩৪ রানের মাথায় লং অফ ফিল্ডারের ভুলে আরও এক জীবন পান তিনি। আর শেষ সংযোজন ১৮তম ওভারে, রান যখন ৪২। সেবারও ফিল্ডারের হাত ফসকে বেরিয়ে যায় ক্যাচ। এরপর আর কোনো ভুল করেননি কুশল। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকেন ক্রিজে। খেলেন ৪৩ বলে ৫৬ রানের এক কার্যকরী ইনিংস। তাঁর সুবাদে দলও পায় ১৬৩ রানের লড়াকু পুঁজি।
Share via:











