টানা তিন ম্যাচ, তিনটিতেই শূন্য! চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক শর্মা যেন নিজেকে খুঁজে ফিরছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি হতাশাজনক ইনিংসের পর তাঁর জায়গা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তাঁর পরিবর্তে সাঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার কথা চলছে অন্দরমহলে।
গ্রুপ পর্বে ভারত দাপট দেখিয়েছে। ব্যাট কিংবা বল হাতে প্রতিপক্ষের সামনে অপ্রতিরোধ্যই থেকেছে। কিন্তু সেই সাফল্যের আড়ালে বড় প্রশ্ন জেগেছে অভিষেককে নিয়ে। বিশ্বকাপের মঞ্চে যে এখনও রানের খাতায় খোলা হয়নি তাঁর। বড় ইভেন্টে টানা তিন ম্যাচে শূন্য করা ক্রিকেটারকে আরও সুযোগ দেওয়া কতটা যুক্তিসংগত?
পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার যে দায়িত্ব অভিষেকের কাঁধে, সেটাই এখন হয়ে উঠেছে দুর্বলতা। অফ-স্পিনারদের বিপক্ষে বারবার একইভাবে আউট হওয়ায় প্রতিপক্ষরা যেন তার জন্য তৈরি করেই নামছে পরিকল্পনা। তাই তো বিকল্প হিসেবে সাঞ্জুকে সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতিতে সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন দাঁড়ালেন অভিষেকের পাশে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনটি ব্যর্থতা কোনো ব্যাটারের সামর্থ্যকে মুছে দিতে পারে না। তার মতে, এটা টেকনিক্যাল সমস্যা নয়, বরং সাময়িক ছন্দপতন। পাওয়ারপ্লেতে অভিষেক যদি একবার সেট হয়ে যান, তাহলে যে কোনো বোলিং আক্রমণকে তছনছ করে দিতে পারেন, এ বিশ্বাস এখনো অটুট অশ্বিনের।
অশ্বিন আরও একটি বিষয় তুলে ধরেছেন। তার পর্যবেক্ষণ, ইনিংসের শুরুতেই অফ-স্পিনারদের আক্রমণে পাঠানো হচ্ছে অভিষেককে থামাতে। টাইট লাইন ধরে বল করা হচ্ছে, যাতে সে হাত খুলে খেলতে না পারে। আইপিএলেও একই কৌশল দেখা গেছে, অফ-স্পিনে আটকে দেওয়া, জায়গা না দেওয়া, আর ভুল শট খেলতে বাধ্য করা।
তবে দল থেকে বাদ দেওয়ার পক্ষে নন অশ্বিন। তিনি মনে করেন, এখন পরিবর্তন আনার সময় নয়। কারণ টি-টোয়েন্টিতে একটিমাত্র বিস্ফোরক ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেই ক্ষমতা অভিষেকের আছে বলেই বিশ্বাস তার।












