বিশ্বকাপ নাও খেলতে পারেন মেসি!

বহু প্রতিভাবান তারকা থাকার পরেও বয়স প্রায় ৩৯ হতে চলা মেসিই এখনো আর্জেন্টিনা দলের প্রধান তারকা। আর প্রশ্ন জাগছে বিশ্বকাপে তার অংশ নেওয়া নিয়েই। ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা শুরুর মাত্র আড়াই মাস বাকি থাকলেও এখনো মেসির অংশ নেওয়ার বিষয়ে পুরোপুরি নিশ্চয়তা পাওয়া যায়নি।

ডিয়েগো ম্যারাডোনার ঈশ্বরের হাত এরপর শতাব্দীর শ্রেষ্ঠ গোল, এসবের ভেতর দিয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপর, মাঝখানে কাটিয়ে দিতে হয়েছে আরও ৩৬ বছর। ২০২২ সালে লিওনেল মেসিদের হাত ধরে কাতারের মরুভূমির ময়দানে সোনার কাপ ঘরে তুলেছিল দক্ষিণ আমেরিকার দেশটি।

আবারও চলে এসেছে ফুটবল বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা মিলিয়ে আয়োজিত হতে যাওয়া এবারের আসরে আর্জেন্টিনা আসছে সর্বশেষ কোপা আমেরিকার বিজয়ীর তকমা মাথায় নিয়ে। গত বিশ্বকাপের মতো এবারেও তারা প্রতিযোগিতার অন্যতম হট-ফেভারিট দল। তবে, সেখানেই জন্ম নিয়েছে প্রশ্ন।

২০১৪ সালের ব্রাজিল বিশকাপের মতো ২০২২ সালেও টুর্নামেন্ট সেরার গোল্ডেন বল জিতেছিলেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। করেছিলেন সাত গোল, সাথে সাহায্য ছিল আরও তিনটিতে। সাম্প্রতিক সময়ে মাঠে বেশ ভালোই খেলছেন সদ্য ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা মেসি।  কিন্তু, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সম্প্রতি জানিয়েছেন মেসির বিশ্বকাপ খেলা পুরোপুরি নিশ্চিত নয়।

গত বছরের সেপ্টেম্বরে মেসি জানিয়েছিলেন, বড় পরিকল্পনা এখন আর করতে চান না তিনি। এগোতে চান ম্যাচ মেপে, দিন মেপে। তার সেই কথারই প্রকাশ যেন ঘটলো আর্জেন্টাইন কোচের মুখে। স্কালোনি জানান মেসি খেলবেন কিনা তার পুরোটাই নির্ভর করছে মেসির মানসিক অবস্থা আর শারিরিক সক্ষমতার উপর। আর, এই জায়গায় ইন্টার মায়ামি তারকাকে কোনো তাড়া দেওয়া হবে না।

সিদ্ধান্ত নেওয়া মেসির হাতে থাকলেও তাকে দলে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা। কোচের মতে, শুধু নিজের জাতি নয় বরং মেসিকে বিশ্বকাপে দেখতে চায় সমস্ত বিশ্বের মানুষ। ফুটবলের বৃহত্তর স্বার্থেই তার মাঠে নামা দরকার। মেসি খেলবেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বিশ্বকাপের দলের তালিকা প্রকাশের জন্য বেশ কিছুদিন এখনো সামনে আছে। বল পায়ে মেসি জাদু দেখিয়ে আসছেন বহু বছর ধরে।সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ষষ্ঠতম বারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন কিনা তাই এখন দেখার বিষয়। ফুটবল ভক্তরা চেয়ে থাকবেন তার সিদ্ধান্তের দিকেই।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link