মাত্র ক’দিন হল অনুর্ধ্ব-২০ সাফে চ্যম্পিয়নের মুকুট মাথায় নিয়েছে বাংলাদেশ। আর পেছনে আছে সামান্য একটা ভাইরাল হওয়া ভিডিও, আর বাংলাদেশি এক খাবারের দোকান। সেই ভিডিওর সুবাদেই সুলিভান ভাইদের সাথে জড়িয়ে গেছে বাংলাদেশের নাম।
শিরোপা নির্ধারণের মঞ্চে ভারতের বিরুদ্ধে টাইব্রেকারে রোনান সুলিভানের পানেনকার সাথে সাথেই আনন্দ উৎসব শুরু করে লাল-সবুজের দল। কিন্তু, কয়েক মাস পেছনে গেলে রোনানের তো বাংলাদেশের হয়ে খেলার কথাই ছিল না।
ডেকলান আর রোনান সুলিভান, দুই যমজ ভাই। দুজনেই এবারের সাফে খেলেছেন। শুধু খেলেছেন বলাটা সঠিক হয় না কোনোভাবেই। আগে যুক্ত করতে হবে ‘ভালো’ বিশেষণ। তবে, বাংলাদেশের হয়ে তাঁদের এই খেলার যাত্রাটা একেবারে সোজা ছিল না।

মার্কিন দেশে জন্ম নেওয়া রোনান আর ডেকলান না শুধু, ফুটবলের পেছনে দৌড়ান তাঁদের বড় ভাই কুইন সুলিভানও। বরং, তিনিই বেশি জনপ্রিয়। খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। যেই লিগে এখন খেলেন স্বয়ং ফুটবলের বরপুত্র লিওনেল মেসি।
কুইনের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের এক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়, কুইন এক বাংলাদেশি খাবারের দোকানে বসে আছেন। একেবারে দেশি খাবার খাওয়ার ফাঁকে আলাপ করছেন বাংলাদেশ যে তাঁর শেকড় সেই বিষয়ে, নিজের নানীর বিষয়ে। সেখান থেকেই শুরু সমস্ত যাত্রার শুরু।
কুইনের ঐ ভিডিওটি চোখে পড়ে সেভ বাংলাদেশ ফুটবল নামের ফেসবুক পেজের। সুলিভানদের নানী সুলতানা আলমের সাথে সাক্ষাৎকার নেয় তাঁরা। সেখান থেকে পরে বাফুফের সাথে আলাপ হয় এই ফুটবলারদের। আর, পরের কাহিনি তো একেবারে গল্পের মতো।

জার্মান নানা, আমেরিকান বাবা, বাংলাদেশি-আমেরিকান মা; রক্তের এমন মিশ্রণের সমস্ত বেড়াজালকে পাশে রেখে সুলিভান যমজ ভাইয়েরা এখন খেলছেন বাংলাদেশের হয়ে। অনুর্ধ্ব-২০ তো হল, সামনে অপেক্ষা করছে জাতীয় ফুটবল দল।










