এ যুগের পেসারদের মধ্যে সেরা কে, এই প্রশ্ন করলে সবার আগে যার নাম মুখে আসে তিনি জাসপ্রিত বুমরাহ। ভারতের এই ডানহাতি পেসারের বল মোকাবিলা করতে ভয় পান যেকোনো ব্যাটারই। কিন্তু, সেই তিনিই এখন ভুগছেন উইকেট খরায়। এমন দেখা যায়নি গত আট বছরে একবারও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) আগে গত মার্চে নিজ দেশে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন বুমরাহ। যে ম্যাচ ছিল বিশ্বকাপের ফাইনাল। সেদিন চার উইকেট নিয়ে বুমরাহ হন ফাইনালের সেরা খেলোয়াড়।

এখন খেলতে এসেছেন আইপিএলে। ক্যারিয়ারের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই পেসার এই আসরে এরই মধ্যে খেলে ফেলেছেন তিন ম্যাচ। কিন্তু, উইকেট পাননি একটিও।
যেকোনো প্রকারের পিচে, যেকোনো দলের বিরুদ্ধে বুমরাহ নিজের দলের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে বিবেচিত হন। ম্যাচের যেকোনো সময়ে উইকেট নিয়ে মোড় ঘুরিয়ে দেওয়ায় তাঁর জুড়ি মেলা ভার। সেই তিনিই আইপিএলে এখনও উইকেটশূন্য তিন ম্যাচ ধরে।

টানা তিন টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহ উইকেট পাননি এমন ঘটছে আট বছর পরে। আইপিএলের হিসাবে গেলে এমন ঘটনা দশ বছর আগে ঘটেছিল সর্বশেষ। এমন রেকর্ড যে বুমরাহর নামের পাশে বেমানান।










