মিস্টার কনসিস্টেন্ট। এই একটা শব্দই যথেষ্ট হেনরিখ ক্লাসেনের মাহাত্ম্য বর্ণনা করার জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদের মিডল অর্ডারের সব ভার যেন নিজের কাঁধে নিয়েছেন। দানবীয় স্বত্তার বাইরে গিয়ে ধারাবাহিকতার অনন্য নজির গড়ে তুলেছেন ক্লাসেন।
ক্লাসেন আসবেন, মাঝের ওভারে হায়দ্রাবাদের হাতেই নিয়ন্ত্রণ রাখবেন। টপ অর্ডার কলাপ্স করলে সবটা একার হাতেই সামলাবেন, সর্বোপরি দলকে এনে দেবেন বড় রানের পুঁজি। হেনরিখ ক্লাসেনের নিত্যদিনের কাজ যেন এটাই। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

ট্রাভিস হেড আর ইশান কিষাণ ব্যর্থ হয়ে ফেরার পর মঞ্চে আগমন ঘটে ক্লাসেনের। চলে যেতে দেখেন অভিষেক শর্মাকেও। দারুণ শুরুর পর দল হঠাৎ যেন খেই হারিয়ে ফেলে। এখান থেকে উত্তরণের জন্য শক্ত হাতিয়ার দরকার ছিল হায়দ্রাবাদের। সেটাই হলেন ক্লাসেন।
৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন এই ম্যাচে। ১৫১ স্ট্রাইক রেটে চালিয়েছেন ব্যাট। হাল ধরার সাথে রানের গতি বজায় রাখা দুটোই সমান তালে করেছেন ক্লাসেন। তবে অবাক করা ব্যাপার, আইপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ফেললেও একবারের জন্যও ৩০ এর নিচে আউট হননি। এই ছয় ইনিংসের মধ্যে আছে তিনটি ফিফটি। ক্লাসেনের এমন ফর্ম বাঁচিয়ে রেখেছে হায়দ্রাবাদের মিডল অর্ডার।

Share via:











