তেইশ এপ্রিলের ফাঁড়া কাটলো বিরাটের!

২৩ এপ্রিল তারিখটা যেন একেবারেই পছন্দের নয় তাঁর। হবে কি করে, এর আগে তিনবার যে ডাকের শিকার হতে হয়েছে এই দিনে। এবার দিনটা পেছালো, শুরুতে অবশ্য হোঁচটও খেয়েছিলেন কিন্তু নামটা যেহেতু বিরাট কোহলি তাই নতুন গল্প লিখলেন এবার।

২০১৭, ২০২২, ২০২৩। এই তিন বছরের ২৩ এপ্রিল। তিনবারেই ব্যাট হাতে নেমে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটারটি। এবার অবশ্য এ তারিখে ম্যাচ ছিল না, কিন্তু, একদিন পর নেমেই পুরোনো পথে হাঁটতে গিয়েছিলেন বিরাট।

ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যখন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২০৬ রান তাড়া করতে নেমেছে তখন ক্যালেন্ডারে তারিখ ছিল এপ্রিলের ২৪। তবে, বিরাট ২৩ এর ফাঁড়া না কাটানোর সিদ্ধান্ত নিয়ে প্রথম বলেই ক্যাচ তুলে দেন। ভাগ্যিস ওয়াশিংটন সুন্দর তালুবন্দি করতে পারেননি।

একবার জীবন পেয়ে বিরাট আর পেছন ফিরে তাকাননি। ফ্লাডলাইটের সমস্ত আলো নিজের দিকে কেড়ে নিয়ে খেলেন ৪৪ বলে ৮১ রানের এক ম্যাচ জেতানো ইনিংস। চেজ মাস্টার উপাধিটা যে বৃথাই নামের পাশে বসেনি তার প্রমাণ মিললো আরেকবার।

এই দিনের আগের সমস্ত ম্যাচগুলোতে রেকর্ড নিতান্তই করুণ আর লজ্জাজনক। কিন্তু, নামটা যেহেতু বিরাট কোহলি তাই তারিখের বেড়াজালে তাঁকে শিলগালা করে দেওয়া যায় না। গোল্ডেন ডাকের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে কোহলি প্রমাণ করে দিলেন, জীবন কোনো জাদুবাস্তবতার উপন্যাস নয়।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link