ভারত-পাকিস্তানের ক্রিকেট নিয়ে বিতর্ক বহু পুরাতন। ২২ গজে মুখোমুখি হলে দুই দেশের হাত না মেলানো এখন সেই বিতর্কেরই নতুন এক অধ্যায়। পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা এবার সামনে আনলেন আরেক দৃশ্য। ভারতের বন্ধ দরজা থেকে ফেরত আসতে হয়েছে তাঁদেরকে হাত না মিলিয়েই।
রাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থাও দেখা গিয়েছিল কিছুদিন। কিন্তু, দুই দেশের লড়াই স্থগিত থাকলেও মাঠে সেই রেশটা কেটে যায়নি।
এই দুই দেশ ক্রিকেটের মাঠে যখন মুখোমুখি হয় তখন পুরো বিশ্বেরই নজর থাকে সেদিকে। আগে খেলার মাঠে এদের মধ্যে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও এখন যেন পরিস্থিতি বদলে গেছে পুরোটাই। দুই দেশ যেন এখন ক্রিকেট খেলতে নামে না, নামে রাজনীতিকে মনে নিয়ে।

ঘটনা ২০২৫ সালের এশিয়া কাপের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানান টসের আগে ম্যাচ রেফারি তাঁকে অবগত করেন যে টসের পর হ্যান্ডসেক হবে না। যদিও এর আগে শিরোপা নিয়ে ছবি তোলার সময়ে হাত মেলানো হয়েছিল।
ভারত অনায়াসে সেই ম্যাচ জিতে যায়। ম্যাচের পরেও দুদলের মধ্যে হাত মেলানোর ঘটনা ঘটেনি।তখন সালমান আলি আগা নিজের দলের সকলকে নিয়ে ভারতের সাজঘরের দিকে যান। কিন্তু, দরজা বন্ধ পেয়ে ফেরত আসতে হয় পাকিস্তানকে।
সেদিনের পরে আরও দুইবার ২২ গজে পরস্পরের মোকাবিলা করেছে ভারত-পাকিস্তান। কিন্তু, একবারের জন্যেও হাত মেলায়নি দুই পক্ষ। যে খেলা হওয়ার কথা ছিল আনন্দের জন্য, সীমান্তের বাঁধাকে দূর করার জন্য-সেটাই এখন রাজনীতির ময়দান হয়ে দাঁড়িয়েছে।











