২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি। অথচ শিরোপাজয়ী অধিনায়ক সুরিয়াকুমার যাদবের ভাগ্যাকাশে এখন কালো মেঘের ঘনঘটা। ভারতীয় ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বড় ধরনের পালাবদলের পথে হাঁটছে বিসিসিআই। অধিনায়কত্বের ব্যাটন সুরিয়াকুমারের হাত থেকে নিয়ে তুলে দেওয়া হতে পারে শ্রেয়াস আইয়ারের হাতে।
টাইমস অব ইন্ডিয়ার এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সুরিয়ার সাম্প্রতিক ফর্ম নিয়ে রীতিমতো বিরক্ত। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, বিসিসিআই এর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
যদিও অধিনায়ক হিসেবে তার রেকর্ড ঈর্ষণীয়, কিন্তু একজন ব্যাটার হিসেবে সুরিয়ার বর্তমান দশা নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ২০২৬ এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দশ ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন বিশ্বজয়ী এই অধিনায়ক।

সুরিয়ার এই ফর্মহীনতার পেছনে কেবল মানসিক কারণ নয়, বরং শারীরিক অস্বস্তিও বড় ভূমিকা রাখছে বলে জানা গেছে। দীর্ঘদিনের কব্জির ব্যাথা তীব্র যন্ত্রণা সয়েই তিনি মাঠে নামছেন, যার প্রতিফলন ঘটেছে তার ব্যাটেও। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, অধিনায়কত্ব তো দূরের কথা, মূল একাদশে ব্যাটার হিসেবেও তার জায়গা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অন্যদিকে, আইপিএলের বাইশ গজে শ্রেয়াস আইয়ারের পুনরুত্থান তাকে নির্বাচকদের চোখের মণি করে তুলেছে। পাঞ্জাব কিংসের নেতৃত্ব কাঁধে নিয়ে প্রথম সাতটি ম্যাচের ছয়টিতেই জয় ছিনিয়ে এনেছেন তিনি। কেবল অধিনায়কত্ব নয়, নয় ইনিংসে ৩৩৩ রান করে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি।
বিশ্বকাপ জয়ের পর ভারত এখন একটি নতুন চক্র শুরু করতে যাচ্ছে। নির্বাচকদের লক্ষ্য দলের ভেতরে সতেজ প্রাণ সঞ্চার করা। যদি বড় কোনো নাটকীয় মোড় না আসে, তবে আসন্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফর থেকেই ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন কান্ডারি হিসেবে দেখা যেতে পারে শ্রেয়াস আইয়ারকে।












