গেল ম্যাচেই ৯০ রানে রান আউট হয়েছেন। এবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই রান আউটের শিকার হয়েই ৯৬ রানে ফিরতে হলো সাজঘরে। এ যেন এক কাকতালীয় ঘটনা। ভাগ্যবিধাতা হয়তো চান না মিচেল মার্শ তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা ছুঁয়ে দেখুক। শত চেষ্টা করেও শতক পাওয়া হলো না পরপর দুই ম্যাচে। নিজেকে তাই দুর্ভাগা ভাবতেই পারেন মার্শ।
যত চেষ্টাই করুন না কেন, ভাগ্য সহায় না হলে দিনশেষে কিছুই হয় না। মার্শের সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই তো চোখ ধাঁধানো এক ইনিংস খেলেও সেটা পূর্ণতা পেল না।

রাজস্থানের জন্য বাঁচা–মরার ম্যাচ। তবে সেখানেই বড় বাধা হয়ে দাঁড়ালেন মার্শ। ফর্মের চূড়ায় থাকা যাকে বলে মার্শ সেখানেই আসন গেড়ে আছেন। শুরু থেকেই শাসন করেছেন রাজস্থানের বোলারদের।
নয় চার আর সাত ছক্কায় বলে দেয় পুরো গল্পটা। মাঠের চারপাশটা যেন নিজের নামে লিখে নিয়েছিলেন। শুরু থেকে একেবারে ২০তম ওভার পর্যন্ত ক্রিজে থেকেছেন। সেঞ্চুরিটা একটা সময় দাঁড়িয়ে ছিল হাতছোঁয়া দূরত্বে।

তবে শেষ ওভারে জোফরা আর্চার যেন বেদনার বিষে কাবু করলেন মার্শকে। আগুনের গোলা ছুড়ে শিকল পরালেন তাঁর ব্যাটে। শেষমেষ তড়িঘড়ি করতে গিয়ে চার রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে।
Share via:










