নতুন ভারতের নেতৃত্বে রজত, ওপেনিংয়ে বৈভবের ঝড়!

যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর পারফরম্যান্সই হয় একমাত্র বিচারক? তাহলে ভারতীয় টি-টোয়েন্টি দলের চেহারাটা হবে একেবারেই অন্যরকম।

একটা সময় ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার জন্য নামটাই যথেষ্ট ছিল। অতীতের সাফল্য, আন্তর্জাতিক মঞ্চের কীর্তি কিংবা অধিনায়কত্বের ভার, সবকিছু মিলিয়ে কিছু ক্রিকেটার যেন ছিলেন অটোমেটিক পছন্দ। কিন্তু যদি এক মুহূর্তের জন্য সব স্মৃতি মুছে ফেলা হয়? যদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর পারফরম্যান্সই হয় একমাত্র বিচারক? তাহলে ভারতীয় টি-টোয়েন্টি দলের চেহারাটা হবে একেবারেই অন্যরকম।

সেখানে নেই সুরিয়াকুমার যাদবের নেতৃত্ব, নেই হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড আধিপত্য, এমনকি নেই জাসপ্রিত বুমরাহর মতো বিশ্বসেরা পেসারেরও নিশ্চিন্ত জায়গা। বরং সেই দলে নেতৃত্বের আর্মব্যান্ড উঠেবে রজত পাতিদারের হাতে। আর ওপেনিংয়ে দেখা যাবে এমন এক বিস্ময় বালককে, যার ব্যাটিং দেখে গোটা ক্রিকেট বিশ্ব চোখ কচলাতে বাধ্য হয়েছে। হ্যাঁ, বৈভব সুরিয়াভানশির কথায় বলা হচ্ছে।

মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের মঞ্চ কাঁপিয়ে ৭৭৬ রান! সঙ্গে ৭২টি ছক্কা এবং প্রায় ২৩৮ স্ট্রাইক রেট। এটা কোনো সম্ভাবনার গল্প নয়, এটা সরাসরি আধিপত্যের গল্প। এমন পরিসংখ্যানের পর তাকে দলে রাখা নয়, বরং একাদশে জায়গা না দেওয়াটাই হতো অবিচার।

তার সঙ্গী হিসেবে থাকবেন আরেক বাঁহাতি বিস্ফোরণ, অভিষেক শর্মা। ৫৬৩ রান, ২০৪-এর বেশি স্ট্রাইক রেট আর হাঁকিয়েছেন ৪৩টি ছক্কা।শুরু থেকেই প্রতিপক্ষকে চূর্ণবিচূর্ণ করার জন্য এর চেয়ে ভয়ংকর জুটি আর কী হতে পারে!

তিন নম্বরে ইশান কিশান। উইকেটকিপারের দায়িত্বের পাশাপাশি ৬০২ রান করে নিজের দাবিটা এতটাই জোরালো করেছেন যে তাকে উপেক্ষা করার কোনো সুযোগই নেই।

আর অধিনায়ক? সেখানে চমক হয়ে এসেছেন রজত পাতিদার। ৫০১ রান, ১৯৩-এর বেশি স্ট্রাইক রেট, ৪২টি ছক্কা এবং শিরোপাজয়ী নেতৃত্ব। আইপিএলের পারফরম্যান্সই যদি শেষ কথা হয়, তাহলে পাতিদারের চেয়ে শক্তিশালী প্রার্থী আর কে?

মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার। ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং। আর অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াকে সরিয়ে জায়গাটা নীতীশ কুমার রেড্ডি। কেননা সংখ্যার ভাষা বড় নির্মম। হার্দিক যেখানে পুরো মৌসুমে ছিলেন বিবর্ণ, সেখানে নীতীশ ব্যাট ও বল—দুই হাতেই ম্যাচের রং বদলেছেন।

স্পিন বিভাগেও আসবে পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরকে পেছনে ফেলে একাদশে জায়গা করে  নেবেন ক্রুনাল পান্ডিয়া। আর ব্যাকআপ হিসেবে অক্ষর প্যাটেল। তবে সবচেয়ে বড় চমকটা হয়তো বোলিং বিভাগেই।

 

এক সময় যাকে নিয়ে আলোচনা হতো অতীতের তারকা হিসেবে, সেই ভুবনেশ্বর কুমারই এবার হয়েছেন আইপিএলের সেরা ভারতীয় পেসার। ২৮ উইকেট আর ৮-এর নিচে ইকোনমি, এই পারফরম্যান্সের পর তাকে বাদ দেওয়ার সাহস কার আছে?

তার সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ, রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী এবং উদীয়মান পেসার অংশুল কাম্বোজ। আর বাদ পড়াদের তালিকায় আছে সুরিয়াকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এমনকি জাসপ্রিত বুমরাহও! শুনতে অবিশ্বাস্য লাগতে পারে। কিন্তু আইপিএল ২০২৬-এর পারফরম্যান্সই যদি একমাত্র মাপকাঠি হয়, তাহলে এটাই বাস্তবতা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link