রেকর্ড ভাঙা যেন অভ্যাসে পরিণত করেছেন সোহান

এক ইনিংসে ১৩ ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন সোহান। এই তালিকায় শীর্ষে রয়েছেন সৌম্য সরকার। ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন তিনি।

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। নিজের রেকর্ড নিজেই ভেঙে তিনি বুঝিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন এক বিস্ফোরক ব্যাটারের উত্থান ঘটেছে।

এক ম্যাচ আগে দ্রুততম ফিফটির রেকর্ডে নাম লেখানোর পর এবার নিজেরই গড়া দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলেন তিনি। সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের দশম রাউন্ডে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান।

এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সবচেয়ে কম বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন তিনি। মজার বিষয় হলো, আগের রেকর্ডটিও ছিল সোহানের দখলে। ২০২৩ সালের বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে তিনি ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত। সিটি ক্লাবের বিপক্ষেই ৪৯ বলে শতক করেছিলেন তিনি। তবে ঠিক এক মাস একদিন পর আবারও নিজের রেকর্ড নিজের করে নিলেন সোহান।

ইনিংসের শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ৪টি চার ও ৪টি ছক্কায় মাত্র ২৬ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠেন। পরের ৫০ রান তুলতে লাগে মাত্র ১৯ বল। শেষ পর্যন্ত ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫৮ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডানহাতি ওপেনার। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৩টি বিশাল ছক্কা।

এক ইনিংসে ১৩ ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছেন সোহান। এই তালিকায় শীর্ষে রয়েছেন সৌম্য সরকার। ২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন তিনি।

তবে বিশ্ব রেকর্ডের বিচারে এখনও অনেকটা এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। ২০২৩ সালের মার্শ ওয়ানডে কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন তিনি।

অন্যদিকে, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডটি রয়েছে আরেক অস্ট্রেলিয়ান ডি’আর্চি শর্টের দখলে। ২০১৮ সালের ওয়ানডে কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৫৭ রানের ইনিংস খেলার পথে তিনি মেরেছিলেন ২৩টি ছক্কা।

Share via
Copy link