কোথাও শান্তি নেই অস্ট্রেলিয়া দলের

রানের খাতা খোলার আগেই তিনজন ব্যাটার সাজঘরে। অস্ট্রেলিয়ার টপ অর্ডার এর থেকে বাজে সময় এর আগে কখনও কাটিয়েছে কি না - তা নিয়ে সংশয় আসতেই পারে।

রানের খাতা খোলার আগেই তিনজন ব্যাটার সাজঘরে। অস্ট্রেলিয়ার টপ অর্ডার এর থেকে বাজে সময় এর আগে কখনও কাটিয়েছে কি না – তা নিয়ে সংশয় আসতেই পারে।

প্রথম ওয়ানডেতে ‍দুই রান তুলতেই প্রথম দুই উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে, তিন উইকেট হারাল অস্ট্রেলিয়া কোনো রান বোর্ডে জমা হওয়ার আগেই।

আবারও প্রথম ওভারেই তাসকিন আহমেদের শিকার হলেন ম্যাথু শর্ট। আবারও বোল্ড হলেন, প্রথম ওয়ানডের মতই। টানা তৃতীয় ম্যাচ ডাক মারলেন এই ব্যাটার।

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে জোড়া আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান। ডাবল উইকেট মেইডেন। বাঁ-হাতি পেসার মুস্তাফিজ প্রথমে বলেই কুপার কনোলিকে ফিরিয়ে দিলেন। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিলেন।

শেষ বলে সাজঘরে ফিরলেন ম্যাট র‌্যানশ। আবারও কট বিহাইন্ড। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। এর আগে কেবল দুবারই তাঁদের দুই ওপেনার ডাক মেরে আউট হয়েছিলেন।

প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। এবার ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটাল বাংলাদেশ।

চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক জশ ইংলিসকে সাথে নিয়ে একটু একটু করে প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু, অস্ট্রেলিয়ার সেই স্বপ্নও ভেঙে দেন মুস্তাফিজ। ২৫ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন।

শর্ট বলে স্কয়ার ড্রাইভ করতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন অ্যালেক্স ক্যারি। টসে জিতে আগের দিন বোলিং নিয়েছিল অস্ট্রেলিয়া, লাভ হয়নি। এবার টসে জিতে ব্যাটিং নিয়ে চোখে সরষে ফুল দেখতে শুরু করেছে প্রতাপশালী অস্ট্রেলিয়া দল।

Share via
Copy link