বিশ্বকাপে আকাশসমান প্রত্যাশার চাপ যাদের

আর্জেন্টিনার জন্য এবারের বিশ্বকাপটা অর্জনের নেশার চেয়ে উপভোগের বেশি। কিন্তু বিশ্ব ফুটবলের বাকি জায়ান্ট দলগুলোর জন্য এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

কাতারের সেই সোনালী ট্রফি জয়ের পর আর্জেন্টিনা এবার চাপমুক্ত ফেভারিট। তাদের জন্য এবারের বিশ্বকাপটা অর্জনের নেশার চেয়ে উপভোগের বেশি। কিন্তু বিশ্ব ফুটবলের বাকি জায়ান্ট দলগুলোর জন্য এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তাদের ওপর এখন পাহাড়সম প্রত্যাশার চাপ। শিরোপার দৌড়ে কাদের ওপর এই চাপের পারদ সবচেয়ে বেশি, চলুন দেখে নেওয়া যাক।

  • পর্তুগাল

রোনালদোর জন্য এবারের বিশ্বকাপ কেবল একটি টুর্নামেন্ট নয়। এটি তাঁর বর্ণিল ক্যারিয়ারের এক অসম্পূর্ণ অধ্যায় পূর্ণ করার লড়াই। ৪১ বছর বয়সী এই মহাতারকাকে ঘিরে রবার্তো মার্টিনেজ সাজিয়েছেন এক ভারসাম্যপূর্ণ স্কোয়াড। ২০২২ সালে আর্জেন্টিনা যেভাবে মেসির জন্য জ্বলে উঠেছিল, রোনালদোর সতীর্থরাও কি পারবেন তাঁর জন্য সেই একই অগ্নিপরীক্ষা দিতে?

  • ইংল্যান্ড

যেই জাতি ফুটবল সৃষ্টি করেছে, স্বয়ং তারাই দীর্ঘ ৬০ বছর ধরে বিশ্বকাপ ট্রফিহীন। তবে এবার দায়িত্ব পেয়েছেন টমাস টুখেলের মতো ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড। মিডিয়া হাইপ বাদ দিয়ে নিজের ট্যাকটিকস অনুযায়ীই দল সাজিয়েছেন তিনি। ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেনও জাতীয় দলের হয়ে সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া।

  • ফ্রান্স

​ফ্রান্সের আক্রমণভাগ এখন বিশ্বের যেকোনো দলের জন্য আতঙ্কের নাম। এমবাপ্পে, দেম্বেলে আর মাইকেল অলিসে! প্রতিবার আক্রমণে তারা প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে প্রস্তুত। কোচ দিদিয়ের দেশম এই টুর্নামেন্টের পরই দায়িত্ব ছাড়ছেন। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই হট ফেভারিট তকমা পাওয়ায় নি:সন্দে বাড়তি চাপ থাকবে এমবাপ্পে বাহিনীর ওপর।

  • ব্রাজিল

সেলেসাওদের জন্য ট্রফি জেতা এখন আর বিলাসিতা নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। ২৪ বছর ধরে বিশ্বকাপ নেই, এই হতাশা এখন তাদের জন্য অভিশাপের মতো। কার্লো আনচেলত্তির মতো সফল কোচের ওপর ভরসা রেখে ব্রাজিল এবার একঝাঁক প্রতিভাবান তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল তৈরি করেছে।

  • স্পেন

২০১০ সালের সেই গৌরবের পর প্রতি বিশ্বকাপেই হোঁচট খেয়েছে স্পেন। তবে এবারের ‘লা রোহা’ বহর একদমই ভিন্ন। তাদের ডেরায় আছে ফুটবল বিশ্বের বিস্ময় বালক লামিনে ইয়ামাল। সেই সাথে এক ঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link