মার্টিনেজের চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। দলের অন্যতম সেরা পারফর্মার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোটের খবর আলবিসেলেস্তে শিবিরে নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে। আগে থেকেই ইনজুরির কারণে বিধ্বস্ত আর্জেন্টিনার দলে মার্টিনেজের আঙুলের চোট যেন মরার উপর খাড়ার ঘা।

কিছুদিন আগে অ্যাস্টন ভিলার হয়ে ওয়ার্মআপের সময় ডান হাতের অনামিকা আঙুলের হাড় ভেঙেছিল মার্টিনেজের। সেই ভাঙা আঙুল নিয়ে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো গ্লাভস পরেছিলেন তিনি। প্রথম দিন হাত বাঁচিয়ে চললেও, দ্বিতীয় দিনে দুই হাত দিয়ে বল গ্রিপ করতে গিয়েই শুরু হয় নতুন বিপত্তি। সেখানেই ব্যথা লাগে কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ীর।

​নিজেদের দৈনিক অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদকর্মীদের জন্য উন্মুক্ত করে রেখেছে আর্জেন্টিনা। সেই সময়ে মাঠে থাকা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। বল গ্রিপ করার পরপরই ব্যথায় কাতরে ওঠেন মার্টিনেজ। হাতের ব্যান্ডেজ করা আঙুলটি নিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টিনার প্রধান গোলরক্ষককে।

​ব্যথা সহ্য করতে না পেরে একপর্যায়ে গ্লাভস খুলে ফেলেন দিবু মার্টিনেজ। এরপর মাঠের এক কোণে দলের অন্য গোলরক্ষকদের সঙ্গে মেতে ওঠেন ফুট টেনিস খেলায়। বাকিদের হাতে গ্লাভস থাকলেও, মার্টিনেজের খালি হাত দেখলে যেকোনো আর্জেন্টিনা সমর্থকের মনই দুঃখে ভরে উঠবে।

​চোট পেলেও হার মেনে নেওয়ার পাত্র নন মার্টিনেজ। ড্রেসিংরুমে ফেরার সময় উপস্থিত সাংবাদিকদের দিকে তাঁর থাম্বস আপ যেন বুঝিয়ে দেয়, ‘সব ঠিক আছে’। তবে, আলবিসেলেস্তে শিবিরের ভেতরের চাপা উদ্বেগ অবশ্য কমছে না।

​আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশন শুরু হবে আর্জেন্টিনার। সেই ম্যাচে মাঠে নামার আগে মার্টিনেজের চোট ঠিক হয় কিনা সেই দিকেই নজর থাকবে পুরো আর্জেন্টিনা দলের।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link