২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের নাটকীয় ড্র করেছে কাতার। পুরো ম্যাচে সুইজারল্যান্ড অপ্রতিদ্বন্দ্বী থাকলেও, এডেড টাইমের মুহূর্তে বুলোম খুবকির গোলটি কাতারকে এক অবিশ্বাস্য পয়েন্ট এনে দিয়েছে। ৬৮ শতাংশ বল পজিশন নিয়ে সুইসরা ম্যাচে দাপট দেখালেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
সুইসদের আক্রমণের নেতৃত্বে থাকা ব্রেয়েল এমবলো এবং রুবেন ভারগাস পুরো ম্যাচে কাতারের রক্ষণভাগের জন্য ত্রাস হয়ে ছিলেন। প্রথমার্ধের ১৪ মিনিটে রেমো ফ্রয়লারের আদায় করা পেনাল্টি থেকে ১৭ মিনিটে এমবলো গোল করে দলকে এগিয়ে দেন।
তবে এরপরই যেন সুইজারল্যান্ড গোল করার সহজ পথ হারিয়ে ফেলে। একের পর এক অ্যাটাকের পরও ফিনিশিংয়ের দুর্বলতায় তারা অন্তত ছয়টি নিশ্চিত গোল করার বড় সুযোগ নষ্ট করেছে, যা শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।

বিশেষ করে দ্বিতীয়ার্ধে সুইস ফরোয়ার্ডরা গোলমুখে একের পর এক আক্রমণ সাজালেও কাতারি গোলরক্ষক আবুনাদার দেয়াল টপকাতে পারেননি। বারবার শট নিলেও ফিনিশিংয়ের অভাবে সুইজারল্যান্ডের গোল ব্যবধান বাড়ানোর প্রচেষ্টা ব্যর্থ হয়।
কাতারের পারফরম্যান্স ছিল দীর্ঘ সময় ছন্নছাড়া, তবে আবুনাদার অসাধারণ বীরত্ব এবং সুইসদের গোল মিসের সুযোগ কাজে লাগিয়ে তারা ম্যাচে টিকে থাকে।
অবশেষে ৯৫ মিনিটে হোমাম এল আমিনের করা নিখুঁত ক্রস থেকে থেকে ডি-বক্সের ভেতর দারুণ এক হেডে বল জালে জড়ান বুলোম খুবকি। সুইস গোলরক্ষক কোবেল তাঁর এই শট ঠেকানোর কোনো সুযোগই পাননি। ৯৭ মিনিটে সুইজারল্যান্ডের আরদোন জাশারি আরও একটি সুযোগ মিস করলে ম্যাচটি পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয়।












