২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে অস্ট্রিয়া। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া এবং আসরের নতুন চমক জর্ডানের এই লড়াইটি ছিল ফুটবল রোমাঞ্চে ভরপুর।
ম্যাচের ২০তম মিনিটে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। অসাধারণ এক দলীয় আক্রমণের পর পেনাল্টি এরিয়ার বাইরে থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। তাঁর এই গোলটি অস্ট্রিয়াকে প্রথমার্ধের লিড এনে দেয়।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরায় জর্ডান। ৫০তম মিনিটে আলি ওলওয়ান মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত গতিতে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন। এরপর ডান পায়ের জোরালো শটে বল পোস্টের ভেতরের দিকে আঘাত করে জালে প্রবেশ করলে জর্ডান ১-১ সমতায় ফেরে। এটিই ছিল বিশ্বকাপ ইতিহাসে জর্ডানের প্রথম গোল।

ম্যাচের ৬৮তম মিনিটে অস্ট্রিয়া গোল পাওয়ার খুব কাছে চলে গিয়েছিল। মার্কো আরনাউতোভিচ গোল বারের অত্যন্ত কাছ থেকে শট নিয়ে অস্ট্রিয়াকে এগিয়ে দেন। তবে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তটি ম্যাচের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছিল।
কিন্তু নাটকীয়তা তখনও বাকি। খেলার ৭৬তম মিনিটে অস্ট্রিয়া ফের আক্রমণ শানায়। এই পর্যায়ে অস্ট্রিয়ার একটি কর্ণার কিক থেকে জর্ডানের রক্ষণভাগের খেলোয়াড় ইয়াজান আল-আরব দুর্ভাগ্যবশত নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন। আর এতেই আবারও লিডে ফেরে অস্ট্রিয়া।
ম্যাচের শেষ দিকে জর্ডান মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা চালায়, কিন্তু এডেড টাইমের ৯৩তম মিনিটে আলি আজাইজেহ একটি সুযোগ হাতছাড়া করেন। উল্টো ৯৯তম মিনিটে জর্ডানের সালিম ওবায়েদ পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল করলে অস্ট্রিয়া পেনাল্টি পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে মার্কো আরনাউতোভিচের নিখুঁত শটে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রাফ র্যাঙ্গনিকের শিষ্যরা।












