হাইতির বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের একাদশ? এই প্রশ্নের জবাবে কার্লো আনচেলত্তি পরিকল্পনায় নতুন চমক আনতে চলেছেন।
বিশ্বকাপের শুরুটা ব্রাজিলের প্রত্যাশামতো হয়নি। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফলে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয়ের বিকল্প নেই কার্লো আনচেলত্তির দলের সামনে।
তবে, ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন—কেমন হবে ব্রাজিলের একাদশ? উত্তরটা এখনো পুরোপুরি জানা যায়নি। কারণ, নিজের স্বভাবসুলভ কৌশলে শেষ মুহূর্ত পর্যন্ত মুখ খুলতে নারাজ এই ইতালিয়ান কোচ। কিন্তু অনুশীলনের দৃশ্য বলছে, হাইতির বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের দিকেই ঝুঁকছে ব্রাজিল।

ফিলাডেলফিয়ায় ম্যাচকে সামনে রেখে গত দুই দিনের অনুশীলনে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো–র তথ্য অনুযায়ী, রক্ষণভাগে ইবানিয়েজের জায়গায় সুযোগ পেতে পারেন অভিজ্ঞ দানিলো। অন্যদিকে মাঝমাঠে লুকাস পাকেতার বদলে দেখা যেতে পারে লুইস হেনরিকেকে।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের আক্রমণে ধার থাকলেও মাঝমাঠে ছন্দের ঘাটতি ছিল। সে কারণেই হয়তো আরও আক্রমণমুখী ৪-২-৪ ফরমেশনে ফেরার চিন্তা করছেন আনচেলত্তি।
তবে দুশ্চিন্তার জায়গাও আছে। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস ও রাফিনিয়া পুরোপুরি ফিট নন। গ্যাব্রিয়েলের বাম ঊরুতে অস্বস্তি রয়েছে, আর রাফিনিয়া ভুগছেন পায়ের ফোস্কার সমস্যায়। এজন্য অনুশীলনে তাদের বিকল্প হিসেবে লিও পেরেইরা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে পরীক্ষা করে দেখা হয়েছে। যদিও ম্যাচের দিন মূল একাদশে দুজনকেই দেখা যেতে পারে।

মাঝমাঠে আরেকটি লড়াই চলছে। ফ্যাবিনহোকে সাম্প্রতিক অনুশীলনে ব্রুনো গিমারায়েসের পাশে খেলানো হলেও কাসেমিরোর থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরক্কো ম্যাচে হলুদ কার্ড পাওয়ার পর বিরতির সময় তাকে তুলে নিয়েছিলেন আনচেলত্তি। এবার অভিজ্ঞ এই মিডফিল্ডার আবারও শুরু থেকে সুযোগ পেতে পারেন।
আক্রমণভাগে ইগর থিয়াগো ও মাতেউস কুনহার মধ্যে প্রতিযোগিতা চলছে একটি জায়গার জন্য। অনুশীলনে এগিয়ে ছিলেন ইগর থিয়াগো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি কোচ।
এর মধ্যে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে নেইমারকে ঘিরে। দীর্ঘদিনের চোট কাটিয়ে তিনি আবার বল নিয়ে অনুশীলন শুরু করেছেন। যদিও তাকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। চিকিৎসক ও কোচিং স্টাফ তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সেই হিসেবে হাইতির বিপক্ষেও তাঁর মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

মরক্কোর বিপক্ষে হোঁচট খাওয়ার পর শনিবারের ম্যাচে ব্রাজিলের লক্ষ্য একটাই—পূর্ণ তিন পয়েন্ট। আর সেই মিশনে আনচেলত্তি যদি সত্যিই ৪-২-৪ ফরমেশনে ফেরেন, তাহলে হাইতির রক্ষণভাগকে কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে। বিশ্বকাপের শুরুতে হারানো ছন্দ ফিরে পাওয়ার এটাই হতে পারে সেলেসাওদের সবচেয়ে বড় সুযোগ।










