প্রথম ম্যাচ উইকেটশূন্য কাটানোর পর একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণাকে। শেষ ম্যাচে আবার ২২ গজে ফিরলেন। আর শুধু যে ফিরলেন তা নয়, বরং, একা হাতে বিধ্বস্ত করলেন আফগানিস্তানের ব্যাটিং লাইনআপকে। তুলে নিলেন ওয়ানডে ক্রিকেটে নিজের প্রথম ফাইফার।
আফগানিস্তান আগে ব্যাট করতে নামলে অধিনায়ক শুভমান গিল প্রসিদ্ধের হাতে বল তুলে দেন দ্বিতীয় ওভারে। একাদশ থেকে বাদ পড়ার যে রাগটা ভেতরে ছিল সেটা প্রথম বলেই উগড়ে দেন এই পেসার। রাহমানুল্লাহ গুরবাজকে বাধ্য করেন রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিতে।
কয়েক ওভার পরে একই দশা বরণ করান রহমত শাহকে। অন্য ওপেনার ইব্রাহিম জাদরানকেও দুই ওভার পর সাজঘরের পথ দেখিয়ে দেন প্রসিদ্ধ। এই দুজনও ২২ গজ ছাড়ার আগে ক্যাচ তুলে দিয়ে আসেন রোহিতের হাতে। পাওয়াপ্লের শেষ ওভারে ডারউইস রাসুলিকে ফিরিয়ে নিজের পাঁচ ওভারের মধ্যে চতুর্থ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।
এরপরও আরও কয়েকবার বল হাতে নিলেও দেখা মিলছিল না উইকেটের। প্রসিদ্ধের গতি আর নিয়ন্ত্রণের সামনে পুরো ম্যাচ জুড়েই ভুগতে দেখা যায় আফগান ব্যাটারদেরকে। কিন্তু, অপেক্ষার অবসান ঘটান ৪৫তম ওভারে। একাই দলকে টেনে নিয়ে সেঞ্চুরি হাঁকানো হাসমতউল্লাহ শাহিদীকে আউট করার মধ্যে দিয়ে যবনিকা টানেন আফগানিস্তানের ইনিংসের।

পাঁচ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এক দারুণ দিনে নিজের প্রথম ফাইফার শিকার করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ম্যাচে আশানুরূপ বোলিং করতে না পেরে তাঁকে যে বাদ দেওয়া হয়েছিল, সেটার জবাব যেন এই ম্যাচেই দিলেন তিনি।









