একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা!

ইনজুরি কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজের জায়গায়, যিনি প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার জন্যে সবচেয়ে বড় বাধার নাম হয়ে উঠেছে ইনজুরি। প্রথম ম্যাচে ৩-০ গোলে আলজেরিয়াকে হারানোর পর আলবিসেলেস্তেদের নামতে হবে একাদশে কিছু পরিবর্তন করে। অঘটন ঘটানোর শক্তি রাখা অস্ট্রিয়ার সাথে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনিকে এখন ছক কষতে হচ্ছে নতুন কৌশলে।

এক ম্যাচ বাকি থাকতেই নকআউট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রুদ্ধদ্বার অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে লাতিন আমেরিকার দেশটি। প্রতিপক্ষের হাই-প্রেসিং ফুটবলকে বোকা বানাতে কোচ লিওনেল স্কালোনি তাঁর শুরুর একাদশে দুই থেকে তিনটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

সবচেয়ে বেশি আলোচনা চলছে ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলের হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। অনুশীলনে বুট পায়ে পুরো সেশন শেষ করলেও, ২৯ বছর বয়সী এই তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচ। সতর্কতাস্বরূপ অস্ট্রিয়ার বিপক্ষে রাইট-ব্যাকে নাহুয়েল মলিনার শুরু করার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।

আক্রমণভাগেও আসতে পারে নতুন গতি। থিয়াগো আলমাদার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে নিকোলাস গঞ্জালেসকে, যিনি ফাঁকা জায়গা তৈরিতে বেশ পটু। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ফেরা হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজের জায়গায়, যিনি প্রথম ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন।

তবে দলের মেরুদন্ড একই থাকছে। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ আর মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ত্রয়ীই ভরসার নাম। লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকোও এই আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।

ইনজুরির বাধার কারণে কিছু খেলোয়াড়ের পূর্ণ সার্ভিস মাঠে না পেলেও মেসিদের দল অত্যন্ত শক্তিশালী। আলজেরিয়া বধের পর এবার অস্ট্রিয়াকে থামিয়ে নক-আউটের টিকিট পাকা করার লক্ষ্য আর্জেন্টিনার।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, মেদিনা, ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস, আলভারেজ, মেসি।

 

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link