নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও অবিশ্বাস্য এক বোলিং রেকর্ড। ৩.৩ ওভারের এক জাদুকরী স্পেলে মাত্র পাঁচ রান খরচ করে একাই তুলে নিয়েছেন সাতটি উইকেট, যার মধ্যে রয়েছে একটি চোখধাঁধানো হ্যাটট্রিক।
ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই লঙ্কান অধিনায়কের তোপের মুখে পড়ে ইন্দোনেশিয়া। ইনিংসের চতুর্থ ওভারে আরডি পাঙ্গেস্তুতিকে বোল্ড করে প্রথম উইকেটের দেখা পান আতাপাত্তু।
এরপর পঞ্চম ওভারের প্রথম দুই বলে এম কোরাজন ও এনকেএফ রাধা রানীকে বিদায় করে শুরুতেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। ইনিংসের ১৪তম ওভারে এনপিএএন সাকারিনিকে আউটের মাধ্যমে তুলে নেন চতুর্থ উইকেট।

তবে আসল নাটকীয়তা অপেক্ষা করছিল ১৯তম ওভারে। ওভারের প্রথম বলে এনকে আরিয়ানিকে বোল্ড করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফাইফার পূর্ণ করেন আতাপাত্তু।
ঠিক পরের বলে সাং মেপ্রিয়ানিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আবারও হ্যাটট্রিকের মঞ্চ প্রস্তুত করেন। পরেই বলেই ডিএএল পরামিতাকে শার্প স্পিনে এলবিডব্লিউ করে সম্পন্ন করেন তাঁর স্মরণীয় হ্যাটট্রিকটি।
এই হ্যাটট্রিকের মাধ্যমেই ইন্দোনেশিয়ার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৯ রানে এবং শ্রীলঙ্কা নিশ্চিত করে ৭৫ রানের এক বিশাল জয়। ৩.৩ ওভারে ১.৪২ ইকোনমি রেটে পাঁচ রানে সাত উইকেটের এই বোলিং পরিসংখ্যান নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে লেখা থাকবে।











