বজ্রপাতে দুই ঘণ্টা থমকে গেল বিশ্বকাপের মাঠ, কিন্তু ফ্রান্সের জয়রথ থামল না এতটুকুও। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর উসমান দেম্বেলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইরাককে ৩–০ গোলে উড়িয়ে দিল ফ্রান্স। গ্রুপ পর্বের মাত্র দুই ম্যাচেই শেষ ষোলো নিশ্চিত করল দিদিয়ের দেশমের দল।
ফিলাডেলফিয়ায় শুরু থেকেই খেলার ছবিটা একতরফা। চৌদ্দ মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পের ঝড়ো শটে এগিয়ে গেল ফ্রান্স। বিরতির সময় প্রবল বৃষ্টি আর বজ্রপাতের আশঙ্কায় রেফারি মাঠ খালি করার নির্দেশ দিলেন — পনেরো মিনিটের বিরতি গড়াল পুরো দুই ঘণ্টায়। এই বিশ্বকাপে আবহাওয়াজনিত কারণে প্রথমবার থামল কোনো ম্যাচ।
তবে দীর্ঘ অপেক্ষা ফ্রান্সের ছন্দ টলাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে এমবাপ্পে করলেন দ্বিতীয় গোল। এরপর মাইকেল ওলিসের চমৎকার পাসে দেম্বেলে সিলমোহর দিলেন জয়ে — বড় টুর্নামেন্টে উনিশ ম্যাচ পর প্রথম গোলের স্বাদ পেলেন এই ফরাসি উইঙ্গার।
এমবাপ্পে এই টুর্নামেন্টে চার গোল করে বিশ্বকাপের সর্বকালীন তালিকায় মির্সোলাভ ক্লোজের সমান ষোলো গোলে পৌঁছেছেন। তবে মেসি ইতিমধ্যে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে একক শীর্ষে উঠে গেছেন আঠারো গোলে। তাঁকে ছাড়াতে হলে এমবাপ্পেকে আরও তিনটি গোল করতে হবে। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে, ২৭ জুন রাত একটায়।









