ব্যাটারদের ব্যর্থতার দিনে তাইজুলের ইতিহাস

বাংলাদেশের জন্য দিনটা খুব একটা সুখের ছিল না। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে চাপে পড়ে যায় দল। তবে সেই মন খারাপের দিনেও একটুখানি স্বস্তি আর গর্বের উপলক্ষ এনে দিলেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের জন্য দিনটা খুব একটা সুখের ছিল না। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে চাপে পড়ে যায় দল। তবে সেই মন খারাপের দিনেও একটুখানি স্বস্তি আর গর্বের উপলক্ষ এনে দিলেন তাইজুল ইসলাম।

নীরবে ইতিহাস লিখে চলেছেন এই বাঁহাতি স্পিনার। আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি খুব কমই থাকেন, কিন্তু লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সৈনিকদের একজন হয়ে উঠেছেন অনেক আগেই।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৪০.২ ওভার বল করে ১৩৮ রানে তুলে নিলেন ৭টি উইকেট। তাঁর ঘূর্ণিতেই ৪১০ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস।

এই ৭ উইকেট শুধু বাংলাদেশকে ম্যাচে লড়াইয়ে রাখেনি, এনে দিয়েছে ব্যক্তিগত এক বিশাল মাইলফলকও। টেস্ট ক্যারিয়ারে এটি তাইজুল ইসলামের ১৯তম পাঁচ উইকেট শিকার। এর মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডে তিনি ছুঁয়ে ফেলেছেন সাকিব আল হাসানকে। দুজনেরই এখন ১৯টি ফাইফার, তবে তাইজুল এই কীর্তি গড়েছেন মাত্র ১০৭ ইনিংসে, যেখানে সাকিবের লেগেছে ১২১ ইনিংস।

দেশের বাইরেও এখন সবচেয়ে সফল বাংলাদেশি টেস্ট বোলার তাইজুল। বিদেশের মাটিতে এটি তাঁর ষষ্ঠ পাঁচ উইকেট, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি বাংলাদেশের হয়ে এক ইনিংসে সাত বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তিও সবচেয়ে বেশি তাঁরই—তিনবার।

বাংলাদেশের দিনটা হয়তো ভালো যায়নি, কিন্তু তাইজুল ইসলাম আবারও মনে করিয়ে দিলেন—সব প্রতিকূলতার মাঝেও নীরবে ইতিহাস গড়ে যাওয়া মানুষের নামই তাইজুল ইসলাম। তিনি হয়তো সবসময় শিরোনামে থাকেন না, কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তাঁর অবদান কখনোই উপেক্ষা করার মতো নয়।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link