আপাতত চাকরি হারাতে হচ্ছে না মোহাম্মদ আশরাফুলকে। বাংলাদেশ দলের ব্যাটিং কোচকে ঘিরে একটা গুঞ্জন থাকলেও, আপাতত জাতীয় দলের সাথেই থাকবেন তিনি। তবে, সেটা ভিন্ন ভূমিকায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ব্যাটিং কোচ হিসেবে ভিনদেশি কাউকেই আনবে। সেই দৌড়ে সাবেক পাকিস্তানি গ্রেট ব্যাটার মোহাম্মদ ইউসুফও আছেন। এর সাথে গেল জিম্বাবুয়ে সফরে ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্সের পর মোহাম্মদ আশরাফুলের বিদায় ঘণ্টা প্রায় বেজেই গিয়েছিল।

তবে, গত বৃহস্পতিবার সকালে সেই জল্পনার পর্দা যেন নিজেই সরিয়ে দিলেন আশরাফুল। ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি হাজির হন ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে। এর অর্থ হল বাংলাদেশ দলের পরিকল্পনায় তিনি এখনো আছেন, আর সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়া সফরের নতুন অধ্যায়।
সবকিছু ঠিক থাকলে জাতীয় দলের সঙ্গেই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আগামী ১ আগস্ট দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে দুটি টেস্ট ম্যাচ। ২০০৩ সালের পর এই প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে যাচ্ছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফরে ব্যাটিং কোচের দায়িত্বে আশরাফুলই থাকছেন। তবে, এরপর মোহাম্মদ ইউসুফ বা অন্য কেউ চলে আসলে আশরাফুলকে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হবে। মোহাম্মদ সালাহউদ্দিনকে এইচপির দায়িত্ব দেওয়ার পর এই জায়গাটা আপাতত ফাঁকাই আছে।










