সেই পুরোনো ব্যাধিতেই ফিরছে বাংলাদেশ

বাংলাদেশ তখন কেবল মাত্র আন্তর্জাতিক খেলাটা শুরু করেছে। রকিবুল হাসান কিংবা মিনহাজুল আবেদীন নান্নুদের নিয়ে গড়া সেই ওয়ানডে দল কোনোভাবেই যেন ৫০ ওভার খেলতে পারতে না।

একটা সময় ছিল। বাংলাদেশ তখন কেবল মাত্র আন্তর্জাতিক খেলাটা শুরু করেছে। রকিবুল হাসান কিংবা মিনহাজুল আবেদীন নান্নুদের নিয়ে গড়া সেই ওয়ানডে দল কোনোভাবেই যেন ৫০ ওভার খেলতে পারত না। পরবর্তীতে পঞ্চপান্ডবের হাত ধরে দল সেই জট কাটিয়ে ওয়ানডেতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে। তবে অভিজ্ঞ সেনানিদের বিদায়ের পর বাংলাদেশ আবারও যেন সেই পুরোনো ব্যাধিতেই আক্রান্ত হচ্ছে।

​আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভিষেকের পর ২০১০ অবধি সময়টা কেটেছে চরম ব্যাকফুটে থেকে। সেই দশ বছরে আগে ব্যাট করা ৮২টি ওয়ানডের মধ্যে ৪৮টিতেই নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয় বাংলাদেশ, যা শতাংশের হিসাবে ৫৮.৫ ভাগ।

তবে এর পরের দশকটি তথা ২০১০ থেকে ২০২০ অবধি ছিল ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটে স্বর্ণালী পরিবর্তনের যুগ। এই দশ বছরে আগে ব্যাট করা ৮৩টি ওয়ানডের মধ্যে দল মাত্র ২৮টিতে ৫০ ওভারের কোটা পূরণ করতে ব্যর্থ হয়, ফলে ব্যর্থতার হার একলাফে কমে দাঁড়ায় ৩৩.৭ শতাংশে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা সাকিব আল হাসানের উইকেটে কামড়ে পড়ে থেকে পুরো ৫০ ওভার ব্যাট করার এই সামর্থ্যই সেসময় বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত সাফল্য এনে দিয়েছিল।

তবে সেই সোনালী দিন পেরিয়ে সাম্প্রতিক বছরগুলোতে গ্রাফটি আবারও নিম্নমুখী। ২০২০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করা ৫১টি ম্যাচের মধ্যে ১৮টিতেই বাংলাদেশ পুরো ওভার শেষ করতে ব্যর্থ হয়েছে, যেখানে ব্যর্থতার হার ৩৫.৩ শতাংশ।

কিন্তু সবচেয়ে আতঙ্কজনক চিত্র ধরা পড়ে ২০২৩ সাল থেকে বর্তমান সময়ের পরিসংখ্যানে। এই সময়টাতেই পঞ্চপান্ডবের একে একে বিদায়ে বাংলাদেশ ক্রিকেটে পরবর্তী যুগের সূচনা ঘটে। এই মেয়াদে বাংলাদেশ দল যে ৩৪টি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছে, তার মধ্যে ১৪টি ম্যাচেই ৫০ ওভার পার করার আগেই প্যাভিলিয়নে ফিরে গেছেন ব্যাটাররা। ফলে এই নির্দিষ্ট সময়ে অলআউট হওয়ার হার লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৪১.২ শতাংশে।

​যে ফরম্যাটকে বাংলাদেশ নিজেদের সবচেয়ে শক্তিশালী জায়গা মনে করত, সেখানেই পুরো ওভার ব্যাট করতে না পারার এই প্রবণতা নিশ্চিতভাবেই লাল-সবুজ শিবিরের জন্য বড় সতর্কসংকেত। বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে ব্যাটারদের এই মানসিক দুর্বলতা কাটিয়ে পুরো ৫০ ওভার খেলার পুরোনো অভ্যাস দ্রুত পুনরুদ্ধার করার কোনো বিকল্প নেই।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link