আশরাফুলের বিদায়, বাংলাদেশে আমলা-ভিলিয়ার্স জুটি!

ব্যাটিং পরামর্শক হিসেবে শোনা যাচ্ছে হাশিম আমলার নাম। ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন তিনি পুরোদস্তর কোচ। কাজ করেন দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশে আসলে ফের পুরনো বন্ধুর সাথে জুটি বাঁধার সুযোগ পাবেন আমলা।

সাদা বলের ক্রিকেট ব্যাটিংয়ের যখন বেহাল দশা, তখন ব্যাটিং কোচের ইস্যুতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সংস্থাটি, নতুন কোচের খোঁজ চলছে বেশ জোরেসোরেই।

নতুন ব্যাটিং কোচের সম্ভাব্য তালিকায় রয়েছেন দুই থেকে তিনজন বিদেশি কোচ। তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে দক্ষিণ আফ্রিকার সাবেক মহাতারকা এবি ডি ভিলিয়ার্সের নাম। বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে তাঁকে ঘিরে জোর আলোচনা চলছে। যদিও এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ব্যাটিং পরামর্শক হিসেবে শোনা যাচ্ছে হাশিম আমলার নাম। ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন তিনি পুরোদস্তর কোচ। কাজ করেন দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশে আসলে ফের পুরনো বন্ধুর সাথে জুটি বাঁধার সুযোগ পাবেন আমলা।

২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন আশরাফুল। তবে সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা নতুন করে ভাবতে বাধ্য করেছে বোর্ডকে। পরিস্থিতি সামাল দিতে তাই কোচিং বিভাগে পরিবর্তনের সিদ্ধান্ত।

আপাতত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনিই দেখভাল করবেন জাতীয় দলের ব্যাটিং। অন্তত আসছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনিই থাকবেন দলের ডাগ আউটে।

এখন দেখার বিষয়, ডি ভিলিয়ার্স কি সত্যিই বাংলাদেশের ড্রেসিংরুমে আসছেন? নাকি বিদেশি কোচের তালিকা থেকে অন্য কাউকে বেছে নেবে বিসিবি? বাংলাদেশের ব্যাটিংয়ে নতুন দিশা খুঁজতে বোর্ডের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার নজর থাকবে।

Share via
Copy link