সাত রানের আক্ষেপ, স্রেফ সাতটা রান। ভারতকে একাই ধসিয়ে দিয়েও সেঞ্চুরি ছোঁয়া হলো না টিম সেইফার্টের। আর্শদীপ সিং-ভুবনেশ্বর কুমারদের শাসন করলেন, ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে আনলেন, তবুও যে একটা কিছু না হওয়ার আফসোসটা থেকেই গেল।
ভারতের বিপক্ষে এই সিরিজটা প্রথম চার ম্যাচ সুযোগ থাকলে ব্যাকস্পেস দিয়ে সরিয়ে ফেলতেন সেইফার্ট। ২৪, ৭, ২, ৩ সব মিলিয়ে ৩৬। প্রথম চার ম্যাচে এটাই ছিল সেইফার্টের সংগ্রহ। তবে সেই দুঃখ ঘুচিয়ে ফেললেন শেষ ম্যাচে এসে। সব ব্যর্থতা থেকে গা ঝাড়া দিয়ে উঠেছেন।

ভারতের দেওয়া লক্ষ্যটা ছিল ১৯২ রানের। রানটা হাতের নাগালেই। যেভাবে প্রথম চার ম্যাচে দুই দল ব্যাট করেছে, সেই তুলনায় রান সংখ্যা কমই। তবে নয় রানের মাথায় সঙ্গী ফিন অ্যালেনকে হারিয়ে ফেলেন তিনি। এরপরের দায়দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন।
দেখেশুনে শুরু, সময়ের সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। প্রথম ফিফটি আসে ৩৪ বলে। ম্যাচের গতি সেট করায় ছিল প্রধান লক্ষ্য। খারাপ বলের অপেক্ষায় থেকেছেন, ভালো বলটাকে সমীহ করেছেন। প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ দেওয়া যাবে না, এটাই ছিল ব্রত।

৫০ বল খেলেছেন। ভারতের যা ক্ষতি করার দরকার ছিল, সেটা করেছেন। তবে সেঞ্চুরির দরজায় দাঁড়িয়ে হোঁচট খেলেন। ৯৩ রানেই ফিরতে হলো সাজঘরে। পাঁচ ছক্কা আর ১১ চারে সাজানো ইনিংস অবশ্য ততক্ষণে নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ডের জয়।










