অ্যা কিউরিয়াস কেস অফ লিটন দাস

এমন ঘটনার কারণও দর্শানো যায় না। লিটনের এই সমস্যার সমাধান কি? এই কিউরিয়াস কেসের উত্তর জানা আছে কি?

লিটন দাস এক বিচিত্র চরিত্র। টেস্ট আর টি-টোয়েন্টিতে তার ব্যাট হাসলেও, ওয়ানডেতে কেমন একটা বিবর্ণ। বিসিএল ওয়ানডের প্রথম ম্যাচে নর্থ জোনের হয়ে ২৪ বলে ১০ রান করেছেন লিটন দাস। এই ধারা নতুন নয়। বেশ অনেকটা সময় ধরেই তো এমন ধারা চলমান।

টেস্ট ক্রিকেটে লিটন দাস দলের একজন নির্ভরযোগ্য ব্যাটার। টি-টোয়েন্টিতে তো তিনি দলের অধিনায়ক। কিন্তু ওয়ানডে দলে তিনি সুযোগই পাচ্ছেন না। এমন ঘটনা সাধারণত ঘটে না। একজন ব্যাটার হয় ক্রিকেটের লঙ্গার দুই ফরম্যাটে ভাল করেন। নতুবা তিনি সাদা বলের দুই ফরম্যাটে ভাল খেলেন।

কিন্তু লিটনের ক্ষেত্রে ঘটছে উল্টোটা। কারণটাও অস্পষ্ট। ২০২৫ সালে চার টেস্টের ছয় ইনিংসে তিনি ৩২৯ রান করেছেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে একটি সেঞ্চুরি ও দুইটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ডানহাতি এই ব্যাটার। এরপর ২০২৫ সালে তার নেতৃত্বেই তো টি-টোয়েন্টিতে নতুন স্বপ্নের দুয়ার উন্মোচিত হয়েছিল।

২৫ ইনিংসে ব্যাট করে পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন। ১৩২.২৯ স্ট্রাইকরেটে ৬৩৫ রান এসেছে লিটনের ব্যাট থেকে। কিন্তু এই পুরো বছরে মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন লিটন। করেছেন মোটে চার রান। যার কারণ ২০২৪ সালে নিদারুণ বাজে ফর্ম। পাঁচ ম্যাচে মাঠে নেমে তিনটিতেই তিনি ফিরেছিলেন শূন্যরানে।

সর্বোচ্চ চার রান-সহ মোটে ছয় রান এসেছে লিটনের ব্যাট থেকে। ওই বছরে টি-টোয়েন্টিতেও রান করেছেন তিনি। এক সেঞ্চুরি ও এক ফিফটি এসেছিল টেস্ট ক্রিকেটে। এই দশার কোন ব্যাখ্যা হয় না। এমন ঘটনার কারণও দর্শানো যায় না। লিটনের এই সমস্যার সমাধান কি? এই কিউরিয়াস কেসের উত্তর জানা আছে কি?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link