ভারতের ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে প্রধান নির্বাচক অজিত আগারকার সরে যাচ্ছেন তাঁর পদ থেকে। গুঞ্জনের আরেক পাশে রবি শাস্ত্রীর নাম, যিনি প্রধান নির্বাচকের শূন্য আসনে বসতে চলেছেন। এমনটা হলে রোহিত শর্মা এবং বিরাট কোহলি জুটির বিশ্বকাপ ভাগ্য পাবে নতুন দিশা।
টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে রোহিত-কোহলি বিদায় বলেছেন প্রায় একই সময়ের ব্যবধানে। বাকি কেবল ওয়ানডে। তবে সেখানেও যে এক অনিশ্চয়তার মেঘ জমেছে! নতুন নামদের আড়ালে ঢাকা পড়তে বসেছে অভিজ্ঞ সব নাম। তাই সবটা জুড়ে একটাই কথা—২০২৭ বিশ্বকাপ তো অনেক দূরের পথ, সেখানে যেতে পারবেন তো রোহিত–কোহলিরা?
গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় তরুণদের আগ্রাসন। সেখানে রোহিত–কোহলি কেবলই তেজহীন বুড়ো ঘোড়া। অজিত আগারকারও হেঁটেছেন একই পথে। প্রতিটি ম্যাচে তাঁদের দিতে হবে নতুন করে পরীক্ষা।

এই পরীক্ষায় তরুণ তুর্কিদের সাথে সমান তালে লড়তে হবে বুড়ো রোহিত–কোহলিকে। উত্তীর্ণ হলে তবেই সম্ভাবনার দুয়ার খুলবে তাঁদের সামনে, তার আগে নয়।
আগারকারের এমন কথায় অনেকটা অভিজ্ঞতার অবমাননার সুর ভেসে উঠেছে। ভক্ত–সমর্থকদের রোষানলেও পড়তে হয়েছে তাঁকে। তবে এটাও ঠিক, ভারতের ক্রিকেটে ইমোশনের জায়গাটা নিতান্তই তুচ্ছ।
তবে রবি শাস্ত্রী যদি এই আসনে বসেন, তবে পুরোনো শিষ্যদের নিশ্চয় আগলে রাখতে চাইবেন আরও একবার। তরুণদের আগ্রাসনের সাথে অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে চাইবেন তিনি। কেননা তাঁর ভালো মতোই জানা আছে বড় মঞ্চে রোহিত–কোহলির সক্ষমতা কি! এই গুঞ্জন যদি সত্যিই হয়, তবে রোহিত–কোহলির বিশ্বকাপ খেলায় আসতে চলছে নতুন মোড়।

Share via:











