ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। মাঠের খেলাই যেমন আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি মাঠের বাইরের নানা ঘটনা সেই আবহকে আরও ঘনীভূত করে তোলে। দুবাইয়ে রবিবার সন্ধ্যায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে এই ম্যাচের আগে আবারও বিতর্ক উসকে দিয়ে উত্তেজনার আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সম্প্রতি পাকিস্তানের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি ফের টেনে এনেছেন চলতি বছরের শুরুর দিকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস বিতর্ক। সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন্স বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ভারতীয় কিছু সাবেক ক্রিকেটার অংশ নিতে অস্বীকৃতি জানান।
এ প্রসঙ্গেই আফ্রিদি ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন— ‘ইংল্যান্ডে ম্যাচ দেখার জন্য মানুষ টিকিট কেটেছিল, খেলোয়াড়রা প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয়রা খেলল না। এটা আমি কোনোভাবেই বুঝতে পারি না।’

এরপরই উঠে আসে তাঁর বহুল আলোচিত ‘ব্যাড এগ’ মন্তব্য। সরাসরি নাম না নিয়েই আফ্রিদি ইঙ্গিত করেন শিখর ধাওয়ানের দিকে। বলেন— ‘আমি যদি নাম বলে দিই, তাহলে ওর জীবন কঠিন করে দেওয়া হবে। আমি যাকে ব্যাড এগ বলেছিলাম, তাঁর অধিনায়কও জানিয়েছিল— ‘খেলতে না চাইলে খেলো না, তবে সামাজিক মাধ্যমে টুইট কোরো না।’
তবে আফ্রিদি এখানেই থেমে থাকেননি। ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে আরও কটাক্ষ ছুড়ে দেন তিনি। তাঁর দাবি, এখনও অনেক সাবেক খেলোয়াড় নিজেদের ভারতীয় পরিচয় প্রমাণ করতে ব্যস্ত। তিনি বলেন— ‘ভারতে অনেক সমস্যা আছে। কখনও খেলোয়াড়দের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়, কখনও পুড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এরপরও কিছু সাবেক খেলোয়াড় আজও নিজেদের প্রমাণ করতে চাইছে যে তাঁরা ভারতীয়। এখন তাঁরা এশিয়া কাপে ধারাভাষ্য দিচ্ছে।’
এশিয়া কাপের সবচেয়ে হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এই মুহূর্তে এক চাপা উত্তাপ বিরাজ করছে। শুধু মাঠের লড়াই নয়, রাজনৈতিক অঙ্গনেও ম্যাচটিকে ঘিরে উত্তেজনার কমতি নেই। এমনকি ম্যাচ বাতিলের জন্য ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। এটা অবশ্য কোন গুরুত্ব পায়নি।

তবে আফ্রিদির বক্তব্যে আগুনে ঘি পড়লই বলা যায়। ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ এমনিতেই আকাশছোঁয়া, তার ওপর এই মন্তব্য দুই দেশের সমর্থকদের আবেগকে আরও উসকে দেবে। ফলে রবিবারের ম্যাচ যে শুধু ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না।











