তানজিম হাসান সাকিবের বানি অভিষেক শর্মা। এশিয়া কাপে তাই এই দুইজনের মুখোমুখি লড়াইটা হতে পারে দারুণ জম্পেশ। তবে সে নিশ্চয়তা অবশ্য এখনও নেই। যেহেতু ভারত ও বাংলাদেশ দুই ভিন্ন গ্রুপে করছে অবস্থান। কিন্তু সাকিবের বিপক্ষে খেলতে নামলে অবচেতন মনে নিশ্চয়ই একটু তটস্থ থাকবেন অভিষেক।
২০২৪ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে সাকিব ও অভিষেক প্রথমবার হয়েছিলেন মুখোমুখি। সেই দুই দেখায় দু’বারই অভিষেকের উইকেট তুলে নিয়েছিলেন তানজিম সাকিব। শুধু তাই নয় সাকিবের বিপক্ষে বেশ ধুকতে দেখা গেছে অভিষেক শর্মাকে। খুব বেশি রানও তিনি তুলতে পারেননি তানজিম সাকিবের বলে।
প্রথম মোকাবেলা মঞ্চস্থ হয় সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে। তানজিম সাকিবের বিপক্ষে সেই ম্যাচে ছয় বল খেলেছিলেন অভিষেক শর্মা। দু’টো চার হাঁকিয়েছেন তিনি। পরপর দুই বলে চার হাঁকানোর প্রতিশোধ ওভারের শেষ বলে নিয়েছিলেন সাকিব। একেবারে ছত্রখান করে দিয়েছিলেন তিনি অভিষেকের উইকেট।

এরপরে তৃতীয় ম্যাচে এই দুইজনের আবার দেখা হয়। এ দফা অবশ্য হাত খোলার সুযোগই পাননি অভিষেক। সাকিবের ছোড়া প্রথম বলটাতেই ক্যাচ আউট হয়ে ফেরেন অভিষেক। তানজিম সাকিবের বিপক্ষে সাত বল মোকাবেলা করে আট রান নিতে পেরেছিলেন অভিষেক। তার বিপক্ষে ভারতীয় এই ব্যাটারের স্ট্রাইকরেট স্রেফ ১১৪। এই পরিসংখ্যানের অভিষেকের মত ব্যাটারকে কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্ত করে তুলতেই পারে।
তানজিম সাকিবের মানসিক দৃঢ়তা আর আগ্রাসী মনোভাবও খানিকটা বাড়তি সুবিধা দিয়েছিল। তবে সেদিন সাকিব খুঁজে ফেলেছিলেন অভিষেকের দূর্বলতা। সাকিবের শরীর ঘেষা চ্যানেল বোলিংয়ে একটু ধুকতে দেখা গিয়েছিল তাকে। সাকিবের দু’টো বলই ছিল অফ স্ট্যাম্পের করিডরে। তানজিম সাকিব কোন প্রকার রুম নেওয়ার সুযোগ দেননি অভিষেক শর্মাকে।
তাইতো এবার অভিষেক শর্মাকে একটু বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে তানজিম সাকিবের বিপক্ষে। আরও একবার কি তানজিমের উইকেটে পরিণত হবেন অভিষেক? এই প্রশ্ন অবশ্য সময়ই বলে দেবে। তবে তার আগে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে সুপার ফোরে নিজেদের স্থান। সে প্রক্রিয়াতে সাকিবকে বল হাতে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। অভিষেককে অবশ্য সেসব নিয়ে ভাবতে হচ্ছে না।












