দিনের খেলা শেষ হতে বাকি ছিল মাত্র দুই বল। অথচ তার আগেই থেমে গেল শুভমান গিলের দুর্দান্ত ইনিংস। ৯৮ রানে ব্যাট করতে থাকা ভারতের অধিনায়ককে বোল্ড করে সাজঘরের পথ দেখান নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।
অফ স্টাম্পের আশপাশে ল্যান্ড করা বলটি ভেতরের দিকে ঢুকছিল। ড্রাইভ করতে গিয়ে প্যাডে আঘাত করা বলটি সেখান থেকে দিক পরিবর্তন করে আঘাত করে স্টাম্পে। ফলে ১৪৬ বলে ৯ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটির সমাপ্তি ঘটে মাত্র দুই রানের আক্ষেপ নিয়ে। হাতছাড়া হয় টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি।
আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন। দুর্দান্ত স্ট্রাইক রোটেশনে ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

তিনের শুরু থেকেই ক্রিজে ছিলেন অবিচল। লোকেশ রাহুল ফিরে যাওয়ার পরে ঋষভ পান্তকে নিয়ে গড়েছেন একশো রানের জুটিও!
তবে ক্যারিয়ারের ১২ তম সেঞ্চুরি ছুতে না পারার আক্ষেপের দিনেও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন গিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
একই দিনে তাই গিলের গল্পে মিশে থাকল দুই বিপরীত অনুভূতি। একদিকে ইতিহাস গড়ার তৃপ্তি, অন্যদিকে চোখের সামনে হাতছাড়া হয়ে যাওয়া একটি সেঞ্চুরির আক্ষেপ।












