দুই ইনিংসে তিনটা উইকেট কেড়ে নিল নো বল!

একটা নো বল মানে শুধু এক রান নয়। উইকেট, মোমেন্টাম আর প্রতিপক্ষকে পিছিয়ে দেওয়ার সুযোগ, সব একসঙ্গে চলে যায়। অহেতুক এই ভুলের খেসারত দিতে দিতে বাংলাদেশ হয়তো এখন বুঝতে শুরু করেছে, এক ইঞ্চি দাগ কতটা দামি।

দাগের এপারে পা থাকলে উল্লাস, ওপারে পড়লেই সব শেষ। ঠিক এই সরল হিসাবটাই বাংলাদেশের বোলাররা বারবার ভুল করে গেলেন, আর দাম দিতে হলো প্রথম টেস্টে।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিন আফ্রিকার প্রথম ইনিংসে বাংলাদেশ নো বল করেছে ১০টি। তাসকিন আহমেদ চারটি, হাসান মাহমুদ ও এবাদত হোসেন তিনটি করে। এর মধ্যে দুটো নো বলের খেসারেতে ফসকেছে দুটো উইকেট, একটা তাসকিনের বলে, আরেকটা হাসানের। বোলারের হাত তখন আকাশে, গলায় চিৎকার, আর আম্পায়ারের হাত বলছে থামো। যে মুহূর্তে ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকে পড়তে পারত, সেটা ফসকে গেল। সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত তুলল ৫৫৭।

দ্বিতীয় ইনিংসে লক্ষ্য ছিল মাত্র ১২ রান। তবু একই ভুল। এবাদত নতুন বল হাতে তিন বলে দুটি নো বল করলেন, রান দিলেন নয়। সেখানেও একটা উইকেট নো বলের কারণে হাতছাড়া। হারটা সেখানে আট উইকেটের হতে পারত।

ভুলটা শুধু অসাবধানতার নয়। বোলারদের প্রস্তুতিতেই যেন ঘাটতি ছিল, রানআপ আর পা ফেলার হিসাব পারফেক্ট  ছিল না। আর টেস্টে নো বলের আলাদা শাস্তিও নেই। সীমিত ওভারে ফ্রি হিটের ভয় থাকে, এখানে সেটা নেই। ফলে কেউ হয়তো ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবেনই না। অথচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও একই ভুল দেখা গেছে, শুধরে নেওয়ার সময় ছিল।

একটা নো বল মানে শুধু এক রান নয়। উইকেট, মোমেন্টাম আর প্রতিপক্ষকে পিছিয়ে দেওয়ার সুযোগ, সব একসঙ্গে চলে যায়। অহেতুক এই ভুলের খেসারত দিতে দিতে বাংলাদেশ হয়তো এখন বুঝতে শুরু করেছে, এক ইঞ্চি দাগ কতটা দামি।

 

Share via
Copy link