এবারের এনসিএলে ব্যাটারদের ব্যাটে যখন রানের ফোয়ারা, তখন বল হাতে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন বোলাররাও। সদ্য সমাপ্ত এনসিএল২০২৬-২৭ মৌসুমে সেই পরীক্ষায় সবচেয়ে বেশি সফল যারা হয়েছেন, তাদের মধ্যে সবার ওপরের তিন নাম হাসান মুরাদ, নাসুম আহমেদ ও শেখ পারভেজ জীবন!
উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে হাসান মুরাদ। চট্টগ্রাম বিভাগের এই বাঁহাতি স্পিনার সাত ম্যাচে ১৪ ইনিংসে নিয়েছেন ৪১ উইকেট। ২৩.২৯ বোলিং অ্যাভারেজের পাশাপাশি তাঁর ইকোনমি ঈর্ষণীয় ২.৮০! এক ইনিংসে সেরা বোলিং ৭১ রানে ৬ উইকেট। পুরো আসরে একবার পাঁচ উইকেট এবং চার উইকেট নিয়েছেন একবার।
প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে কতটা নিয়মিত চাপ সৃষ্টি করেছেন, তা পরিসংখ্যানেই স্পষ্টভাবে ফুটে উঠেছে!

তাঁর সঙ্গে পাল্লা দিয়েছেন নাসুম আহমেদ। ছয় ম্যাচে ১১ ইনিংসে ৪০ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সিলেট বিভাগের এই বাঁহাতি স্পিনার। তবে বোলিং এভারেজের হিসাবে মুরাদের চেয়েও এগিয়ে নাসুম। ২১.০০ গড়ে উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর ইকোনমি ৩.১৫।
সেরা বোলিং ৪৩ রানে ৫ উইকেট। পুরো আসরে চারবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। মানে সুযোগ পেলেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে বড় হুমকি হিসেবে এসেছেন জাতীয় দলের সাদা বলের এক সময়ের নিয়মিত এই স্পিনার।
তৃতীয় স্থানে শেখ পারভেজ জীবন। খুলনা বিভাগের এই স্পিনার ছয় ম্যাচে ১২ ইনিংসে শিকার করেছেন ২৬ উইকেট। ২৩.৮১ বোলিং এভারেজ এবং ৩.১৬ ইকোনমিতে নিজের কার্যকারিতা দেখিয়েছেন তিনি। এক ইনিংসে সেরা বোলিং ৪৭ রানে ৪ উইকেট। পাঁচ উইকেট না পেলেও তিনবার ইনিংসে চার উইকেট নিয়ে দলের বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জীবন।

এনসিএলে স্পিনারদের আধিপত্য দেখা যাচ্ছে স্পষ্ট। সেরা তিনের একজনও পেসার নেই। শুধু তা-ই নয়, শীর্ষ চার উইকেটশিকারির তালিকাতেও রয়েছে স্পিনারদের আধিপত্য। পেসারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন খুলনার সফর আলী।











