তিনজনের জোড়া গোলে আর্জেন্টিনার উড়ন্ত জয়!

এই গোলবন্যার সবচেয়ে বড় আকর্ষণ ছিল তিনজন ফুটবলারের আলাদা জোড়া গোল - নিকো পাজ,  হুলিয়ান আলভারেজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুওনো।

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচে জয় না পাওয়ায় মেসি-পরবর্তী অধ্যায়ের শুরুটা কেমন যেন থমকে গিয়েছিল আর্জেন্টিনার। তবে কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমে সব হতাশা এক নিমেষেই উড়িয়ে দিল লিওনেল স্ক্যালোনির দল। তাও আবার ৭-০ ব্যবধানের বড় জয়ে। এই গোলবন্যার সবচেয়ে বড় আকর্ষণ ছিল তিনজন ফুটবলারের আলাদা জোড়া গোল – নিকো পাজ,  হুলিয়ান আলভারেজ এবং ফ্রাঙ্কো মাস্তান্তুওনো।

লিওনেল মেসির অধ্যায় শেষে নতুন রূপে পথচলা শুরু করা আর্জেন্টিনার জন্য আগের ম্যাচটি ছিল অম্লমধুর। উরুগুয়ের বিপক্ষে সেই প্রথম ম্যাচে জয়ের দেখা না পাওয়ায় নতুন প্রজন্মের সামর্থ্য নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল।

কিন্তু কর্ডোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই সেই সংশয় উড়িয়ে দেয় আর্জেন্টিনা। বল দখল, ছন্দ ও আক্রমণের ধার – সব দিক থেকেই কোস্টারিকাকে কোণঠাসা করে মেসি-পরবর্তী যুগে নিজেদের প্রথম জয়টি তুলে নেয় দলটি।

এই ৭-০ জয়ের সবচেয়ে নজরকাড়া দিক ছিল আক্রমণের বৈচিত্র্য। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার ঝড় তোলেন নিকো পাজ। ৮ ও ৩৮ মিনিটে দুটি গোল করে প্রথমার্ধেই দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি। তার মাঝেই ৩৫ ও ৪৩ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন হুলিয়ান আলভারেজ, ফলে বিরতিতে যাওয়ার আগেই ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে জোড়া গোল করা দুইজনকেই উঠিয়ে নেন স্ক্যালোনি। তবুও দ্বিতীয়ার্ধেও থামেনি গোলের মিছিল। বদলি হিসেবে নেমে ৪৮ ও ৮৮ মিনিটে নিজের জোড়া গোল তুলে নেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। আর ৭৮ মিনিটে স্কোরশিটে নাম লেখান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। সব মিলিয়ে তিনজনের জোড়া গোলের এই রাত আর্জেন্টিনার নতুন অধ্যায়ের জন্য এক আত্মবিশ্বাসী শুরু হয়ে থাকল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link