রোহিত শর্মার সময় কি ফুরিয়ে আসছে? একের পর এক বাজে ইনিংস, অফ ফর্ম কি তাঁকে আস্তে আস্তে বিদায়ের দিকেই ঠেলে দিচ্ছে? নিউজিল্যান্ড সফর শেষ হয়েছে চার ইনিংসে মাত্র ৩০ রান নিয়ে, গড় ৭.৫। সেনা দেশগুলোর কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এটাই তাঁর সবচেয়ে কম রান। সিরিজের আগে নিউজিল্যান্ডে তাঁর গড় ছিল ৩৬.৪২, এখন ১৭ ইনিংসে ৪৬৭ রান নিয়ে নেমে এসেছে ২৯.১৮ তে, সেঞ্চুরি একটাও নেই।
অথচ এই বছরই ইংল্যান্ডে লর্ডসে করেছেন ১৩৮, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০১ ও ৯২। তাই শুধু অফ ফর্ম বললে পুরো ছবিটা ধরা পড়ে না, সমস্যাটা মূলত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার। ভারতের ফ্ল্যাট উইকেটে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে অনসাইডে তুলে মারা সহজ, কিন্তু যেখানে বল মুভ হয়, সেখানে একই শট আর কাজ করে না। প্রথম ওয়ানডেতে কয়েকটা ডট বলের পর হঠাৎ মারতে গিয়ে মিড-অফে ক্যাচ দিলেন, অথচ পিচ যে ধীরগতির, সেটা আগেই বোঝা গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ ধৈর্য ধরে শেষে একটা ভুল সুইপে আউট। চতুর্থ ম্যাচে ভেতরে ঢোকা বলে পুরোপুরি বিভ্রান্ত। ২০২৩ বিশ্বকাপে আগে থেকে সেট করে নিয়ে আক্রমণ করাই ছিল তাঁর ট্রেডমার্ক, কিন্তু বয়স বেড়েছে,ওয়ানডে ছাড়া কোন ম্যাচ খেলা হয়না আর পুরোনো সেই ধার যেন ভোঁতা হয়ে এসেছে।
এখানেই শুভমান গিল বা অন্য কারও সঙ্গে রোহিতের তফাত। গিল তিন-চার ম্যাচ রান না পেলে সেটাকে ফর্মের ওঠানামা ধরা হয়, রোহিতের বেলায় প্রশ্ন ওঠে, আর কতদিন? কারণ তাঁর বয়স এখন ৩৯,তাঁর কাছে চ্যালেঞ্জ টা দলে জায়গা টিকিয়ে রাখার আর ২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানকার কন্ডিশন নিউজিল্যান্ডের মতোই হবে বলে কোচ গৌতম গম্ভীর নিজেই জানিয়েছেন।

এর সঙ্গে আছে আরেকটা বিষয়, সুত্র অনুযায়ী জুলাইয়ে লর্ডসের তৃতীয় ওয়ানডের আগে নির্বাচকেরা তাঁকে জানিয়েছিলেন, বিশ্বকাপের পরিকল্পনায় তাঁকে রাখা হচ্ছে না, চাইলে অবসরের ঘোষণা দিতে পারেন। রোহিত অবসর নেননি, ওই ম্যাচেই করেছেন সেঞ্চুরি। এরপর প্রধান নির্বাচক অজিত আগারকার চুক্তি নবায়নের চেষ্টা না করে সরে দাঁড়ালেন বলে শোনা গিয়েছিল। যিনি তাঁকে সরাতে চেয়েছিলেন, তিনি নেই, আর রোহিত আছেন। তাই একেকটা সিরিজের ব্যর্থতার পর প্রশ্ন টা বার বার আসে থেকে যাওয়ার সিদ্ধান্ত কি ঠিক ছিল ? নাকি সেই নির্বাচক ?
ভারত আসলে রোহিতের বিকল্প তৈরির কাজটা ঠিকমতোও করেনি। যশস্বী জয়সওয়ালের নতুন বল সামলানোর সামর্থ্য ছিল,কিন্তু তিনি ওয়ানডেতে সুযোগই পেয়েছেন কম। এখন বিশ্বকাপের আগে হাতে সময়ও নেই, নতুন কাউকে নিয়ে পরীক্ষা চালানোর বিলাসিতা থাকছে না। তাই রোহিতের ওপরই ভরসা রাখতে হবে, আর সেটা একেবারে খারাপ সিদ্ধান্তও নয়। ২০২৩ বিশ্বকাপের পর ভারতের হয়ে ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু একজন, আর বিশ্বকাপ জেতার খিদেটাও তাঁর মধ্যে এখনো সবচেয়ে তীব্র।
তা ছাড়া রোহিত এর আগেও খারাপ সময় নিজের মতো করে কাটিয়ে উঠেছেন। ২০১২ সালের শ্রীলঙ্কা সফরকে তিনি নিজেই ক্যারিয়ারের সবচেয়ে বাজে সফর বলেন। তখন দশ হাজার রান করা ব্যাটারদের ভিডিও দেখে নিজের টেকনিকের ঠিক করেছিলেন তিনি, তারপর ঠিক করে ফিরেছেন। এবারের সমস্যা অবশ্য টেকনিকের চেয়ে মনস্তাস্তিক বেশি । শেষ মুহূর্তে হুট করে মারার ঝোঁকটা তাঁকে থামাতে হবে। মারবেন কি মারবেন না, সেই সিদ্ধান্ত বল আসার আগেই ঠিক করে ফেলতে হবে।

১৩ ডিসেম্বর বিশাখাপতনমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু, পরের দুটি ম্যাচ ১৬ ডিসেম্বর বেঙ্গালুরু আর ১৯ ডিসেম্বর আহমেদাবাদে। সেখানে রান পাওয়া কঠিন হওয়ার কথা নয়, কিন্তু সেই রান দিয়ে নিউজিল্যান্ডের প্রশ্নগুলো মুছে যাবে না। বিশ্বকাপ খেলতে হবে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে, আর নিজেকে প্রমাণ করার আসল পরীক্ষাটাও হবে ঠিক সেই জায়গাতেই।










