তাওহীদ হৃদয়, সবার থেকে আলাদা!

দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের চোখ রাঙানি উপেক্ষা করে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। তাওহীদ হৃদয় বুঝিয়ে দিলেন তিনিই বাংলাদেশ দলের সত্যিকারের ক্রাইসিসম্যান। যিনি বিপদ দেখলেই হাল ধরবেন, শুধু তাই নয়, ইনিংসটাকে টেনে লম্বা করবেন যতক্ষণ না বিপদ কেটে যায়।

দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে প্রতিপক্ষের চোখ রাঙানি উপেক্ষা করে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন। তাওহীদ হৃদয় বুঝিয়ে দিলেন তিনিই বাংলাদেশ দলের সত্যিকারের ক্রাইসিসম্যান। যিনি বিপদ দেখলেই হাল ধরবেন, শুধু তাই নয়, ইনিংসটাকে টেনে লম্বা করবেন যতক্ষণ না বিপদ কেটে যায়। মাত্র তিন ইনিংস দিয়েই হৃদয় বাকিদের থেকে নিজেকে আলাদা করলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের ইতিহাস গড়া ইনিংস এখনও তরতাজা। তবে যারা ভেবেছিলেন ওই একটা ইনিংস স্রেফ হয়ে গেছে ব্যাপার, তাঁদের ভুল প্রমাণ করেছিলেন পরের ইনিংস দিয়েই। খেলেছিলেন ৮২ রানের ইনিংস। তবে এই সংখ্যাতত্ত্বের বাইরে গিয়েও সবচেয়ে বেশি চোখে পড়েছিল হৃদয়ের ইমপ্যাক্ট। দলকে বিপদ থেকে টেনে তোলার অনন্য ক্ষমতার নিদর্শন দেখিয়েছিলেন সেদিন। প্রথম ইনিংসে ১৮৪ রানে সাত উইকেট হারানো বাংলাদেশ হৃদয়ের হাত ধরে তুলেছিল ৩৮৬ রান। দ্বিতীয় ইনিংসেও দেখিয়েছিলেন লড়াই করার জাত ক্ষমতা তাঁর মাঝে রয়েছে।

তবে একজন তো প্রতিদিন ভালো করবেন না, ভালো খেলবেন না। দক্ষিণ আফ্রিকা বোধহয় স্বস্তি পেয়েছিল এটা ভেবেই। তবে হৃদয় ধরলেন ধারাবাহিকতার পথ। বোঝাতে চাইলেন, একদিনের বিস্ময় হয়ে তিনি আসেননি।

২২ রানে যখন তিন উইকেট হারিয়ে দল যখন খাদে পড়ে গেছে, তখনই হৃদয় দড়ি ফেলে টেনে তুললেন দলকে। তানজিদ তামিমের সাথে গড়লেন ৯৯ রানের জুটি। তামিম ফেরার পরের বলে সেই পথ ধরে ফিরে যান মুশফিকুর রহিমও। ব্যস, বিপর্যয় আরও একবার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেয় দলকে।

তবে হৃদয় চললেন হৃদয়ের মতোই। কাগিসো রাবাদার আগুনে মেজাজের বিপরীতে শাসন করে গেলেন বুক ফুলিয়ে। ফিফটি এলো, তবে থামলেন না। ইনিংস বড় করার নেশায় মত্ত তিনি। দলকে উদ্ধার করতে হবে, এই যেন পণ।

ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা পেয়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন। জোহানেসবার্গের ঘাস তখন আপন করে নিয়েছে তাঁকে, সবাই যেন কুর্নিশ জানাচ্ছে।

এরপর চড়াও হলেন আরও, একের পর এক বাউন্ডারি ছাড়া করলেন বল। তবে ভাগ্যের নির্মমতা দেখা গেল দিনের শেষ বলে। হৃদয় ফিরলেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। ১৩৭ রানের এক লড়াইয়ের সমাপ্তি। তবে ততক্ষণে ৩২৭ রান তুলে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। উদ্ধারকারী জাহাজ উদ্ধার করে দিয়ে গেছে।

শেষ তিন ইনিংসে হৃদয়ের রান ২৪২, ৮২ এবং ১৩৭! অবিশ্বাস্য, অনবদ্য। যত বিশেষণেই বিশেষায়িত করা হোক না কেন, হৃদয় সবকিছুর ঊর্ধ্বে। বাংলাদেশ নতুন করে পেয়েছে সত্যিকারের ক্রাইসিসম্যানকে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link