তদন্তের বেড়াজালে ঝুলে আছে রিজওয়ান-ইমামের ক্যারিয়ার!

দোষী প্রমাণিত হননি, নির্দোষ বলেও ঘোষণা আসেনি, মাঝখানে পড়ে আছে ক্যারিয়ার। এনসিসিআই এর রিপোর্ট জমা পড়ার আগে কারও পক্ষে কিছু বলা সম্ভব নয়, আর সেই রিপোর্টের পরেই বোঝা যাবে রিজওয়ান ও ইমাম ফিরছেন, নাকি অন্য কোনো অধ্যায় শুরু হচ্ছে।

তদন্ত চলছে! এই এক বাক্যেই ঝুলে আছে মোহাম্মদ রিজওয়ান আর ইমাম-উল-হকের ভাগ্য। রহস্য যেন কাটছেই না, সপ্তাহ গড়িয়ে মাসের পর মাস, তবু শেষ হচ্ছে না সেই তদন্ত।

ইংল্যান্ড সফর থেকে শুরু হওয়া এই গল্পের আড়াই মাসেরও বেশি পেরিয়ে গেছে। দুজনের ফোনই এনসিসিআইএর হাতে। আসল অভিযোগটা কী, তাও পরিষ্কার নয়। কোথাও শোনা যাচ্ছে বেটিং আর অনলাইন জুয়ার প্রশ্ন, কোথাও ইংল্যান্ডে তিন শূন্যে টেস্ট সিরিজ হারের সময় ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁসের কথা।

পিসিবি এখন পর্যন্ত বলেছে শুধু, অভ্যন্তরীণ তদন্ত চলছে। লাহোর হাইকোর্টে গিয়েও কোনো স্বস্তি পাননি রিজওয়ান, আদালত বলেছে তলবের নোটিশ মানেই অভিযোগ নয়। এর মধ্যে দুবার তাঁকে গণমাধ্যমে কথা বলতে দেয়নি বোর্ড, আর তিনি নিজে বারবার বলে এসেছেন, সহযোগিতায় প্রস্তুত, শুধু প্রক্রিয়াটা বুঝতে চান।

এবার এ নিয়ে মুখ খুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৃহস্পতিবার লাহোরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এনসিসিআইএর সঙ্গে কথা বলেছি, তারা শুধু রিজওয়ানের কাছ থেকে আরও কিছু ব্যাখ্যা চায়, এরপর কয়েক দিনের মধ্যে তারা তাদের ফলাফল জমা দেবে, যদিও আমি সুনির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারছি না।’

অর্থাৎ তদন্ত শেষের দিকে, তবে কবে শেষ হবে তার নিশ্চয়তা নেই। এই ‘কয়েক দিন’ কথাটা অবশ্য এতদিনের অপেক্ষার পর খুব একটা আশ্বাস জোগায় না। নাকভি অন্তত একটা বিষয় পরিষ্কার করেছেন। তদন্ত শেষ না হলেও রিজওয়ান ও ইমামকে ঘরোয়া ক্রিকেট খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় দলে ফেরার প্রশ্নে অবশ্য কোনো কথা নেই। ৪৭ টেস্ট, ১০৩ ওয়ানডে আর ১০৬ টি-টোয়েন্টির অভিজ্ঞতা নিয়েও রিজওয়ানকে ঘরোয়া মাঠেই অপেক্ষা করতে হচ্ছে।

ভাগ্যের আরেকটা সুতো বাঁধা কেন্দ্রীয় চুক্তির সঙ্গে। আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১ জুলাই, নতুন চুক্তি ঘোষণার সময় পেরিয়ে গেছে প্রায় তিন মাস। নাকভি জানিয়েছেন, চুক্তিগুলো চূড়ান্ত হয়ে গেছে, নয়তো শুক্রবারের মধ্যেই হয়ে যাবে, ঘোষণাও আসবে শিগগির। তবে তালিকায় এই দুজনের নাম থাকছে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি। তরুণদের জায়গা দিতে তাঁদের বাদ দেওয়া হতে পারে বলে আগেই খবর ছড়িয়েছিল, ফলে নীরবতাটাই বেশি কথা বলছে।

একজন ক্রিকেটারের জন্য এ অবস্থা সবচেয়ে কঠিন। দোষী প্রমাণিত হননি, নির্দোষ বলেও ঘোষণা আসেনি, মাঝখানে পড়ে আছে ক্যারিয়ার। এনসিসিআই এর রিপোর্ট জমা পড়ার আগে কারও পক্ষে কিছু বলা সম্ভব নয়, আর সেই রিপোর্টের পরেই বোঝা যাবে রিজওয়ান ও ইমাম ফিরছেন, নাকি অন্য কোনো অধ্যায় শুরু হচ্ছে।

Share via
Copy link