স্যান্ডপেপার কাণ্ডের মাঝেই দেশের ক্রিকেটে ভ্যাসলিন বিতর্ক!

সবাই দেখছে বা জানছে, তা নিয়ে কে মুখ খুলবে আর কে চুপ থাকবে? বিসিবি কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার বিষয়, কারণ চলতি প্রথম শ্রেণির এনসিএলেও একই চর্চা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভ্যাসলিন দিয়ে বল টেম্পারিং! ক্রিকেটে এমন অভিযোগ খুব একটা শোনা না গেলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট থেকে এবার ঠিক সেটারই গুঞ্জন উঠেছে। প্রথমবার আয়োজিত জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)  সেকেন্ড একাদশ টুর্নামেন্টে বলের অবস্থা বদলাতে ভ্যাসলিন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন শিরোপাজয়ী ঢাকা বিভাগের এক কর্মকর্তা। অভিযোগটা এসেছে এমন সময়ে, যখন অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কাণ্ড নতুন করে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে।

পূর্বাচলে শুক্রবার ফাইনালে খুলনা বিভাগ সেকেন্ড একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা। ম্যাচ শেষে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, “হ্যাঁ হ্যাঁ, খেলোয়াড়েরা এটা করে। তারা আঙুলের ফাঁকে ভ্যাসলিন লাগিয়ে রাখে, ফলে কে করেছে সেটা ধরা কার্যত অসম্ভব।”

তাঁর ব্যাখ্যায়, ভ্যাসলিন লাগালে বল ভারী হয়ে যায়। “বল বাতাসে যেভাবে চলার কথা সেভাবে চলে না, ফলে রিভার্স হয়। এতে বল স্কিডও করে, রিভার্সও করে।” অভিযোগের আঙুল তিনি তুলেছেন খুলনার দিকে। তাঁর দাবি, খুলনার খেলোয়াড়েরা চুলে ভ্যাসলিন মেখে সেই হাত বলে ঘষত, হাতেও লাগিয়ে রাখত। গন্ধহীন ভ্যাসলিন হওয়ায় টের পাওয়ার উপায় ছিল না, আম্পায়ারদের একাধিকবার বলেও লাভ হয়নি।

টুর্নামেন্টের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও একই কথা বলছে। তাদের ভাষ্য, ভ্যাসলিনে বল পিচে লেগে বেশি স্কিড করে, যা স্পিনারদের আর্ম বলে কাজে লাগে। ফিল্ডারদের হাতের আশপাশে লাল দাগ দেখলেই নাকি বোঝা যায়। আম্পায়াররা সবই দেখছেন, অথচ মুখ খুলছেন না বলেও অভিযোগ সূত্রটির।

বিসিবির আম্পায়ার্স কমিটির ম্যানেজার আব্দুল্লাহ আল নোমান অভি জানিয়েছেন, তাঁদের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তাঁর ভাষ্য, “যেকোনো ম্যাচেই প্রতিপক্ষ এক-দুটি বল নিয়ে কারসাজি করতে পারে, এটা হতে পারে। সর্বোচ্চ পর্যায়েও এটা হয়, নিচের পর্যায়েও হয়।” ম্যাচ অফিশিয়ালরা কিছু খেয়াল করে থাকতে পারেন বলেও তিনি মানছেন, তবে শাস্তি দেওয়ার মতো বা লেভেল থ্রি অপরাধের মতো কিছু পাওয়া যায়নি বলে জানান।

বলের গায়ে বাইরের কোনো পদার্থ লাগানো ক্রিকেটের আইনে নিষিদ্ধ। তবে অভিযোগ এখনো নাম প্রকাশ না করা সূত্রের কথাতেই সীমাবদ্ধ, কোনো প্রমাণ বা ভিডিও ফুটেজ সামনে আসেনি।

অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের কেপ টাউন টেস্টের কুখ্যাত ঘটনার আলোচনা আবার উঠে এসেছে উসমান খাজার আত্মজীবনী “সাবর- ফাইন্ডিং মাই ওয়ে ইন ক্রিকেট অ্যান্ড লাইফ” প্রকাশের পর। বইয়ে খাজা দাবি করেছেন, স্যান্ডপেপারের পরিকল্পনা পুরো দলই জানত। ডেভিড ওয়ার্নার তাঁকে সমর্থন করলেও অধিনায়ক প্যাট কামিন্স তা মানেননি, ক্রিকেট অস্ট্রেলিয়াও তদন্ত নতুন করে খুলছে না। সে সময় স্মিথ ও ওয়ার্নার এক বছর, ব্যানক্রফট নয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

দুই ঘটনার ওজন ও গুরুরত্ব আলাদা, কিন্তু প্রশ্নটা অনেকটা এক। যা সবাই দেখছে বা জানছে, তা নিয়ে কে মুখ খুলবে আর কে চুপ থাকবে? বিসিবি কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার বিষয়, কারণ চলতি প্রথম শ্রেণির এনসিএলেও একই চর্চা ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

Share via
Copy link