৭.৪ ওভার বল করে, একটি মেইডেনসহ মাত্র ২৪ খরচায় তুলেছেন ৬ উইকেট! অভিষেকটা স্মরণীয় করে রাখতে এর চেয়ে ভালো পারফর্ম্যান্স আর কী হতে পারে! ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে রীতিমতো তছনছ করে অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেকে ফাইফার পাওয়া দ্বিতীয় বোলার এখন মাহলি।
এর আগে ১৯৮৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রান খরচায় ৫ উইকেট নিয়ে এই কীর্তি গড়েছিলেন টনি ডোডেমাইড। প্রায় ৩৮ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন এই তরুণ ডানহাতি পেসার!
শুরুটা করেছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুককে ফিরিয়ে। এরপর একে একে সাজঘরের পথ দেখিয়েছেন জো রুট, জর্ডান কক্স, স্যাম কারেন, লিয়াম ডসন ও জোফরা আর্চারকে। কিন্তু কে এই মাহলি বিয়ার্ডম্যান?

তাঁর প্রতিভার ঝলক অবশ্য নতুন নয়। অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল কিংবা ঘরোয়া লিগ, সবখানেই নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। গতি, বাউন্সে কুপোকাত করেছেন ব্যাটারদের। বছর দুয়েক আগে যুব বিশ্বকাপেই গোটা দুনিয়ার নজরে খুব ভালোভাবেই আসেন মাহলি। ছয় ম্যাচের পাঁচ ইনিংসে বল করে শিকার করেছিলেন ১০ উইকেট। ভারতের বিপক্ষে ফাইনালেও ছিলেন দুর্দান্ত। মাত্র ১৫ রান খরচায় তুলে নিয়েছিলেন ৩ উইকেট। ফাইনালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও জিতেছিলেন তিনি।
বিগ ব্যাশের সর্বশেষ আসরে ১৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। তবে তাঁর পথচলাটা খুব একটা মসৃণ ছিল না। লাম্বার বোন স্ট্রেস ইনজুরির কারণে প্রায় সাত মাস মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তার আগে এ বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক। ইনজুরি থেকে ফিরে ওয়ানডেতে অভিষেক হলো দাপুটে এক পারফরম্যান্সে!
ওয়ানডে অভিষেকের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো ফাইফার না থাকা পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়দের মধ্যে অভিষেকে সেরা বোলিংয়ের তালিকাতেও জায়গা করে নিয়েছেন মাহলি।

তালিকায় তাঁর আগে কেবল ফিদেল এডওয়ার্ডস। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ২২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। মাহলি আছেন দ্বিতীয় স্থানে। ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উভাইস কারনাইন।











