বাংলাদেশের মেয়েদের নতজানু করে পাকিস্তানের বিশাল জয়!

শুরুতেই হোঁচট, ব্যাটিংয়ে বিবর্ণ আত্মপ্রকাশ। উইমেন্স এমার্জিং ন্যাশনস ট্রফির দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ব্যাটারদের ব্যর্থতায় ১০৮ রানের পুঁজি গড়ার পর পাকিস্তানের সাবলীল রান তাড়ায় কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নাহিদা আক্তারের দল।

শুরুতেই হোঁচট, ব্যাটিংয়ে বিবর্ণ আত্মপ্রকাশ। উইমেন্স ইমার্জিং ন্যাশনস ট্রফির দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। ব্যাটারদের ব্যর্থতায় ১০৮ রানের পুঁজি গড়ার পর পাকিস্তানের সাবলীল রান তাড়ায় কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নাহিদা আক্তারের দল।

আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে।

নিগার সুলতানা জ্যোতির ২০ বলে ২৭ এবং স্বর্ণা আক্তারের ২১ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি বাকিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে তুবা হাসান ২৬ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

জবাবে লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল পাকিস্তান। সাদাফ শামাসের ৩৭ ও মুনিবা আলীর ৩১ রানের পর আয়েশা জাফরের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের পথ আরও সহজ হয়ে যায়। মাত্র ১৮ বলে অপরাজিত ২৭ রান করেন আয়েশা। তাতেই ১৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। হাতে তখনো বাকি ২৫ বল।

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি একটি করে উইকেট নেন। অন্যদিকে, এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে পেসার দিশা বিশ্বাসের। অভিষেকের দিনটি দলীয় সাফল্যে রাঙানো হলো না তাঁর।

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর পালা। আগামী ১৩ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে নাহিদা আক্তারের দল। প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে পরের লড়াইয়ে কতটা শক্তভাবে ফিরতে পারে টাইগ্রেসরা, এখন সেটিই দেখার অপেক্ষা।

 

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link