২০১৮ সালের নভেম্বরে সিলেটে ১৫১ রানে হারের পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন ছিল একটাই, দুইশ রানের দেয়ালটা কি আদৌ ছোঁয়া যাবে? টানা আট ইনিংসে ২০০ পেরোতে পারেনি দল আবারো কি সেই একই রাস্তায় হাঁটবে? সিলেটে দুই ইনিংসেই গুটিয়ে গিয়েছিল তার নিচে, আর মিরপুরে হারলে সিরিজটাই চলে যেত জিম্বাবুয়ের ঝুলিতে। ঠিক এমন সময়ে এল সেই ইনিংস, যেটা একটা ম্যাচ নয়, গোটা একটা দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য দু:স্বপ্নের মতোই, ২৬ রানে তিন উইকেট, তিনটিই নিলেন কাইল জার্ভিস। সেখান থেকে মুমিনুল হকের সঙ্গে মুশফিক গড়লেন ২৬৬ রানের জুটি, চতুর্থ উইকেটে যা বাংলাদেশের রেকর্ড। মুমিনুল খেললেন নিজের ছন্দে, ২৪৭ বলে ১৬১ করে ফিরলেন, আর মুশফিক তাঁর পাশে খেলছিলেন সহকারীর ভূমিকায় যেন সুযোগ দিচ্ছিলেন মুমিনুল কে ইনিংস বড় করার। দিন শেষে ১১১ রানে অপরাজিত থাকা সেই ব্যাটারের মাথায় তখনো যে আরও বড় কিছু ঘুরছে, সেটা কে-ই বা জানত?
দ্বিতীয় দিনের সকালে শুরু হলো আসল তপস্যা। সিলেটে অধৈর্য, ওয়ানডে মেজাজের ব্যাটিং বাংলাদেশকে ডুবিয়েছিল, মুশফিক হাঁটলেন ঠিক উল্টো পথে। দিনের প্রথম দশ রান তুলতে তাঁর লেগে গেল দেড় ঘণ্টা, মাহমুদউল্লাহকে নিয়ে সকালটা কাটালেন পুরোপুরি টেস্ট ক্রিকেটের মেজাজে। তারপর খেলা শুরু করলেন তাঁর পছন্দের সুইপ শট, শন উইলিয়ামস আর ব্র্যান্ডন মাভুতার বল একের পর এক সীমানার বাইরে গেল। লাঞ্চে তিনি পৌঁছেছেন ১৩৫, চায়ের বিরতিতে ১৯৫।

মুশফিকের ক্যারিয়ার নিয়ে তামিম ইকবাল একবার বলেছিলেন, ‘সফল ক্রিকেটার হতে হলে সবচেয়ে জরুরি হলো নিজের খেলা, নিজের শক্তি আর কীভাবে প্রস্তুতি নেবেন, সেটা বোঝা।’ সেদিনের মিরপুরে যেন সেই কথারই জীবন্ত ছবি দেখা গেল।
৪২১ বল আর ৫৮৯ মিনিটের এই ইনিংস ভেঙে দিল একের পর এক পুরোনো নজির। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের খেলা ৪১৭ বলের রেকর্ড পেছনে চলে গেলো, ১৮ বছর আগে বাংলাদেশের প্রথম টেস্টে আমিনুল ইসলামের ৫৩৫ মিনিটের রেকর্ডও ছাড়ীয়ে গেলেন ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানের ২১৭ ছাড়িয়ে মুশফিক পৌঁছালেন ২১৯ রানে, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে অষ্টম উইকেটে অপরাজিত ১৪৪ রানের জুটিও গড়লো নতুন রেকর্ড। ১৬০ ওভারে ৫২২ রানে ৭ উইকেটে ইনিংস ঘোষণার সময় মুশফিক হয়ে গেছেন টেস্ট ইতিহাসে দুটি দ্বিশতক করা প্রথম উইকেটরক্ষক, সঙ্গে নিজ দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড দুবার ভাঙার সেই বিরল তালিকায়, যেখানে নাম আছে ডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা আর বীরেন্দর শেবাগের।

এরপর যা হলো, তাতেই ইনিংসটার ওজন বোঝা যায়। ব্রেন্ডন টেইলর দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করলেন, ১১০ আর অপরাজিত ১০৬, তবু জিম্বাবুয়ে হারল ২১৮ রানে। মাহমুদউল্লাহর অপরাজিত ১০১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দিল ৪৪৩ রানের লক্ষ্য, পঞ্চম দিনে মেহেদী ৩৮ রানে পাঁচ উইকেট নিয়ে গুটিয়ে দিলেন প্রতিপক্ষকে।
সিরিজ এর ফলাফল ১-১এ সমতা, ম্যাচসেরা অবশ্যই মুশফিক। সেই ২১৯ এরপর আট বছর দাঁড়িয়ে ছিল বাংলাদেশের ব্যাটারদের সামনে একটা পাহাড়ের মতো। ৭ নভেম্বর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ যখন ১৮৪ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে, তখন তাওহিদ হৃদয় মাত্র তৃতীয় টেস্টে, প্রথম সেঞ্চুরিকেই দ্বিশতকে বদলে দিলেন, ৩৫৯ বলে অপরাজিত ২৪২ রান করে রেকর্ডটা নিজের করে নিলেন, ২২ চার আর ১১ ছক্কায়।
সেদিন সকালে হৃদয়ের সঙ্গী ছিলেন মুশফিকই, ৭৩ রানের জুটি গড়ে ৩৪ করে ফিরেছিলেন তিনি। রেকর্ডের পাহাড়ে নতুন পতাকা উড়েছে ঠিকই, তবে ওই পথে প্রথম পা রাখার গৌরবটা থেকে যাবে মুশফিকের নামেই।











