সাদমান ইসলামের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশের টেস্ট ওপেনিংয়ে তৈরি হয়েছিল শূন্যতা! আর এবার তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন ও নাঈম শেখ। দুজনের অন্তর্ভুক্তির পেছনে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের যথেষ্ট যুক্তিও রয়েছে।
চলতি জাতীয় ক্রিকেট লিগ – এনসিএলে ১০ ইনিংসে ৬৭২ রান করেছেন রবিন। তিনটি সেঞ্চুরি ও দুটি ফিফটি রয়েছে তাঁর। অন্যদিকে সাত ইনিংসে নাঈমের সংগ্রহ ৬১২ রান। অর্থাৎ রান করেই জাতীয় দলের দরজায় কড়া নেড়েছেন দুজন।

তবে এই নির্বাচনের মধ্যে একটা নাম নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর তিনি হচ্ছেন সৌম্য সরকার। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া সফরের আগে প্রায় সাড়ে পাঁচ বছরের বেশি সময় পর টেস্ট স্কোয়াডে ফিরেছিলেন সৌম্য। এরপর অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সিরিজেও দলের সঙ্গে বিদেশ সফর করেন! তবে তার পরেই ঘরের মাঠের উইন্ডিজ সিরিজের দল থেকে আবারও ছেঁটে ফেলা হয় তাঁকে।
বাদ দেওয়ার পেছনে যদিও যুক্তিও দিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি দাবি করেন, ‘ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ সৌম্যর ভালো যায়নি। ২ ম্যাচ আগেই কিন্তু জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই সিরিজের দলে নেই কারণ এখন প্রথম শ্রেণির খেলা খেলছে। এখানে একাদশে পরিবর্তনের সুযোগ কম। সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, ফলে আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। আমরা চাই প্রথম শ্রেণির ম্যাচ তারা খেলুক, সে কারণেই তৃতীয় ওপেনার রাখিনি।’

যুক্তিটা তখন বেশ সুন্দরই ছিল। জাতীয় দলের বেঞ্চে বসে থাকার চেয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেললে ম্যাচ প্র্যাকটিস হবে, রান করার সুযোগ তৈরি হবে। যদিও চলতি এনসিএলে তাঁর পারফরম্যান্সও খুব একটা স্বস্তিদায়ক নয়। এখন পর্যন্ত দুই ম্যাচে করেছেন কেবলই ২৯ রান। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
তবে আসল প্রশ্ন এখানে না, অন্যখানে! সৌম্যকে যখন নিয়মিত ওপেনারের বিকল্প হিসেবে দলের সঙ্গে নিয়মিত রাখা হয়েছিল, তাহলে সাদমানের ইনজুরিতে যখন ওপেনিংয়ে জায়গা তৈরি হলো, তখন সৌম্যকে আর বিবেচনায় নেওয়া হলো না কেন!

নতুন করে সুযোগ পেলেন রবিন ও নাঈম। মাহমুদুল হাসান জয়কেও বিবেচনায় রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু মেডিকেল ইস্যুতে শেষ মুহূর্তে তাঁকে পাওয়া যায়নি।
একেকজন ক্রিকেটারকে নিয়ে একেক রকমের পরিকল্পনা থাকতেই পারে। যেকোনো ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা থাকতেই পারে। ফর্মের কারণে বাদও পড়তে পারেন। কিন্তু এক ফরম্যাটের ব্যর্থতায়, অন্য ফরম্যাট থেকে ছেঁটে ফেলার অন্যায় নিতে বন্ধ করার সময় বোধহয় চলে এসেছে।

প্রতিটি পরিকল্পনার একটা ধারাবাহিকতা থাকা জরুরি। কখনো জাতীয় দলের সঙ্গে রাখা, কখনো প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো, আবার সুযোগ তৈরি হলেও নতুন কাউকে বিবেচনা করা; পুরো বিষয়টা একটু গোলকধাঁধার মতোই মনে হচ্ছে।











