চমক রেখেই বাংলাদেশের দল ঘোষণা!

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেস ডিপার্টমেন্টের এই গভীরতা বাংলাদেশের জন্য বড় ভরসা। এখন দেখার বিষয়, নতুন মুখ রবিন ও আবারও দলে ফেরা  নাঈম, ওপেনিংয়ে কার উপর ভরসা করেন নির্বাচকরা।

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে চমক হয়ে এসেছেন মাহফিজুল ইসলাম রবিন। ঘরোয়ার দুর্দান্ত ফর্ম তাঁর জন্য খুলে দিয়েছে টেস্ট দলের দরজা। সাথে নাঈম শেখ ফিরেছেন দলে। মূলত এই দুই চমক নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন সাদমান ইসলাম। ফলে ওপেনিংয়ে ফাঁকা হয়ে যায় একটা জায়গা। সেই শূন্যতা পূরণে নির্বাচকদের প্রথম পছন্দ হয়ে ওঠেন রবিন। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দুর্দান্ত পারফরম্যান্সে আগেই নজর কেড়েছিলেন তিনি। এবার তার প্রতিদান মিলল সরাসরি টেস্ট দলের ডাকে।

ব্যাকআপ ওপেনার হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ নাঈম শেখও। এনসিএলে তিনিও ছিলেন ভালো ফর্মে। অর্থাৎ ওপেনিংয়ের জন্য ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকেই গুরুত্ব দিয়েছে নির্বাচক প্যানেল। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক নিয়ে মূল ব্যাটিং লাইনআপ প্রায় চেনা ছকেই আছে।

বাদ পড়েছেন নাঈম হাসান। খারাপ ফর্মই এর কারণ বলে ধরে নেওয়া যায়। অন্যদিকে তাইজুল ইসলামের ফর্ম আশানুরূপ না হলেও তাঁর ওপর আরও একবার ভরসা রেখেছেন নির্বাচকরা। অভিজ্ঞতার মূল্য যে তাদের কাছে এখনো অনেক, এই সিদ্ধান্ত তারই ইঙ্গিত।

চোটের কারণে এই সিরিজেও নেই নাহিদ রানা। তবে তাতে পেস আক্রমণ খুব একটা দুর্বল হচ্ছে না। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী ও  খালেদ আহমেদ, এই পাঁচ পেসার নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। সঙ্গে স্পিন বিভাগে আছেন মিরাজ ও তাইজুল।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে পেস ডিপার্টমেন্টের এই গভীরতা বাংলাদেশের জন্য বড় ভরসা। এখন দেখার বিষয়, নতুন মুখ রবিন ও আবারও দলে ফেরা  নাঈম, ওপেনিংয়ে কার উপর ভরসা করেন নির্বাচকরা।

 

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম রবিন।

Share via
Copy link