সাব্বিরের সামনে নিজেকে প্রমাণের শেষ বড় সুযোগ!

৩৫-এর কাছাকাছি বয়সেও একের পর এক সুযোগ মিলছে সাব্বিরের। কখনো এইচপি দল, কখনো এইচপি দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি, আবার এবার ‘এ’ দলের হয়ে রাইজিং স্টারস। আর তাতে হলফ করেই বোঝা যায় এখনো তাঁর ওপর থেকে আস্থা সরিয়ে নেয়নি বিসিবি। কিন্তু বারবার পাওয়া এই সুযোগের যথাযথ প্রতিদান দিতে পারবেন তো তিনি?

বয়স ৩৫ ছুঁইছুঁই। অথচ এই বয়সেও বাংলাদেশের রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন! বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার পাশাপাশি হাস্যরসেরও কমতি নেই। তবে সাব্বির রহমানের ব্যাট যেন শোনাচ্ছে একেবারেই ভিন্ন গল্প!

চলমান জাতীয় ক্রিকেট লিগ – এনসিএলে রাজশাহীর হয়ে চার ম্যাচের সাত ইনিংসে ৪২০ রান সংগ্রহ করেছেন সাব্বির। একটি শতকের সঙ্গে রয়েছে চারটি অর্ধশতক। সর্বোচ্চ ইনিংস ১১৩ রানের।

এর আগে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টেও নিজের নিজেকে প্রমাণ করেছেন এই ব্যাটার। ছয় ইনিংসে তাঁর সংগ্রহ ১৮৪ রান। দুটি অর্ধশতকের পাশাপাশি খেলেছেন ৪৭ রানের একটি ইনিংস। স্ট্রাইক রেট ছিল ১২৪.৩২। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতেও পারফর্ম করেছেব। এমনকি মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের হয়েও খেলার সুযোগ পেয়েছিলেন তিনি!

বাংলাদেশের জার্সিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ সালের ৭ অক্টোবর। এরপর পেরিয়ে গেছে প্রায় চার বছর। সেবার নিউজিল্যান্ডে নিজেকে মেলে ধরতে না পারায় অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থেকে যায় তাঁর। তবে এবার আগস্টে সেই অস্ট্রেলিয়ার ডারউইনেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সাব্বির।

৩৫-এর কাছাকাছি বয়সেও একের পর এক সুযোগ মিলছে সাব্বিরের। কখনো এইচপি দল, কখনো এইচপি দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টি, আবার এবার ‘এ’ দলের হয়ে রাইজিং স্টারস। আর তাতে হলফ করেই বোঝা যায় এখনো তাঁর ওপর থেকে আস্থা সরিয়ে নেয়নি বিসিবি। কিন্তু বারবার পাওয়া এই সুযোগের যথাযথ প্রতিদান দিতে পারবেন তো তিনি?

একসময় যে ব্যাটে ঝড় তুলে জাতীয় দলের আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন, প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়েছিলেন, সেই পুরোনো সাব্বিরকেই হয়তো ভক্তরা যেভাবে ফিরে পেতে চায়, ঠিক সেভাবেই আবার দেখতে চায় বিসিবিও! জাতীয় দলের জার্সিতে তাঁর প্রত্যাবর্তন ঘটবে কি না, সেই উত্তর দেবে সময়। তবে এবার সাব্বিরের সামনে সবচেয়ে বড় পরীক্ষা, বিসিবির আস্থার প্রতিদান দেওয়া।

চলতি মাসেই মাঠে গড়াবে রাইজিং স্টার এশিয়া কাপ। হতে পারে, এটিই সাব্বিরের সামনে নিজেকে প্রমাণের শেষ বড় সুযোগ!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link