শেফিল্ড শিল্ড ফাইনালে ১৮৯ রান করেও সেবার কপালে জাতীয় দলের টিকিট জোটেনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে নিয়মিত ঝড় তুললেও অস্ট্রেলিয়ার একাদশে সুযোগ পাওয়াটা অ্যাডাম গিলক্রিস্টের জন্য সহজ ছিল না। কিন্তু বছর ঘুরতেই অজি নির্বাচকরা বুঝতে পেরেছিলেন, ওয়ানডে ক্রিকেটে এই প্রতিভাকে বসিয়ে রাখা আর কোনোভাবেই সম্ভব নয়।
ওয়ানডে ক্রিকেটে সুযোগ পাওয়ার পর প্রথম দিকে নিচের দিকে ব্যাট করার ফলে প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ সেভাবে আসছিল না। এদিকে মার্ক টেলরের অফ-ফর্ম এবং ঘরের মাঠে ক্যার্লটন এন্ড ইউনাইটেড সিরিজে দলের ব্যর্থতার পর নির্বাচকরা ওয়ানডে ব্যাটিংয়ে নতুনত্ব আনতে চাইলেন। মার্ক ওয়ার সাথে ওপেনিংয়ে জুড়ে দেওয়া হলো গিলক্রিস্টকে।
শুরুর দিকে নতুন এই ওপেনিং জুটি তেমন সফল না হলেও ত্রিদেশীয় সিরিজের সিডনির দ্বিতীয় ফাইনালে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে আসে কাঙ্ক্ষিত প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ওয়ানডে ক্রিকেটের বাইশগজ থেকেই জন্ম নেয় এক নতুন সুপারস্টার।

টেস্টে সুযোগ পেতে আরও প্রায় দু’বছর লেগে যায়, ততদিনে গিলি লর্ডসে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়ে গেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালের সেই সিরিজ দিয়েই টেস্টে গিলির উদয় এবং স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার জয়যাত্রার আসল সূচনা। সিরিজের শেষ টেস্টে হোবার্টে পাকিস্তানের দেওয়া ৩৬৯ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া যখন ১২৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গিলি ও জাস্টিন ল্যাঙ্গার।
মারাত্মক শক্তিশালী অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপের কারণে টেস্টে গিলক্রিস্টের ব্যাটিং পজিশন ছিল সাত নম্বরে। সেই সাতে নেমেই টেস্ট ক্রিকেটে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি, ক্যান্ডিতে মুত্তিয়া মুরালিধরনের বিরুদ্ধে ১৪৪ রান কিংবা বাংলাদেশের বিরুদ্ধে ফাতুল্লা টেস্টে ৬ উইকেটে ৯৩ রান পতনের পর আরেকটি অসাধারণ ১৪৪ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে পার্থে মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করার মতো অবিশ্বাস্য কীর্তিও তিনি গড়েছিলেন এমন এক সময়ে, যখন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ধারণাই জন্ম নেয়নি।
টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ডও তাঁর। উইকেটের পেছনে শেন ওয়ার্ন, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রাদের মতো বিশ্বমানের বোলারদের সামলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৮০০ ক্যাচ ও প্রায় ১০০টি স্টাম্পিং তাঁর গ্লাভসওয়ার্কের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

২০০৭-০৮ মৌসুমে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই তিনি হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন, কারণ তিনি নিজে বুঝতে পেরেছিলেন কিপিংয়ে তাঁর রিফ্লেক্স সামান্য হলেও কমছে, যদিও সামনে তাঁর ১০০ টেস্ট খেলার মাইলফলক হাতছানি দিচ্ছিল।
এই আপসহীন সততাই গিলক্রিস্টকে সবার থেকে আলাদা করে তোলে। ঠিক যেমন ১৯৯৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অরবিন্দ ডি সিলভার বলে ক্যাচ উঠে যাওয়ার পর আম্পায়ার আউট দেওয়ার অপেক্ষা না করেই নিজে থেকে মাঠ ছেড়েছিলেন।
আবার ফাইনালে মুরালিধরনের বিরুদ্ধে ১৪৯ রানের ইনিংস খেলে দলকে ট্রফি উপহার দিয়েছিলেন। ব্যাট হাতে দুর্দমনীয়তার পাশাপাশি উইকেটের পেছনে ভরসার হাত আর মনের মধ্যে সততার ধারা এক করে গিলক্রিস্ট ক্রিকেটপ্রেমীদের কাছে চিরকাল এক জাদুকরী সত্ত্বা হয়ে থাকবেন।












