একই টেস্টে উইকেটের পেছনে নয়টি ডিসমিসাল, এরপর ব্যাট হাতে দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো উইকেটকিপার ব্যাটার এর আগে এমন কীর্তি গড়তে পারেননি। এমনই এক বিরল রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস! অথচ এই লিটন দাসই কিছুদিন আগে , গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিন ইনিংসে ফিরেছিলেন শূন্য রানে!
কিন্তু লিটনকে কি কেবল ভালো ব্যাটার কিংবা দক্ষ উইকেটকিপার বললে ভুল হবে? পরিসংখ্যান বলছে, তিনি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে তাঁর সঙ্গী ক্রিকেটের সর্বকালের সেরারা।
২০২১ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের হয়ে উইকেটকিপার হিসেবে ২৭টি টেস্ট খেলেছেন লিটন। এই সময়ের পারফরম্যান্স বিবেচনায় প্রতি টেস্টে ডিসমিসালের হিসাবে তাঁর অবস্থান চতুর্থ। তাঁর ওপরে আছেন কেবল অ্যাডাম গিলক্রিস্ট, কুইন্টন ডি কক ও ঋষাভ পান্ত! পেছনে ফেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি ও মার্ক বাউচারের মতো কিংবদন্তিদের!
শুধু গ্লাভস হাতে নয়, ব্যাটিংয়েও লিটনের পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়। এই ২৭ টেস্টে বাংলাদেশের মোট রানের ১৪.৬ শতাংশ এসেছে তাঁর ব্যাট থেকে। উইকেটকিপারদের মধ্যে এই হিসাবে তাঁর চেয়ে এগিয়ে কেবল অ্যান্ডি ফ্লাওয়ার।

চাপের মুহূর্তে দায়িত্ব নিতে জানেন লিটন। তার সবচেয়ে বড় উদাহরণ বোধহয় বছর দুয়েক আগের পাকিস্তান সিরিজ! আর এ বছরের শুরুতে পাকিস্তান সিরিজ। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২৬ রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশকে ১৩৮ রানের ইনিংসে ভর করে বিপর্যয় থেকে উদ্ধার করেছিলেন তিনি। একইভাবে ২০২৬ সালের মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১২৬ ও ৬৯ রানের দুর্দান্ত দুটি ইনিংস।
কিন্তু দুনিয়ার কেউ-ই যে পরিপূর্ণ নন। উইকেটের পেছনে বাই রান দেওয়ার ক্ষেত্রে এখনো উন্নতির জায়গা রয়েছে লিটনের। আবার মাত্র ২৭টি টেস্টের পারফরম্যান্স দিয়ে দীর্ঘ ক্যারিয়ারের কিংবদন্তিদের সঙ্গে তুলনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোও কঠিন।
লিটনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ব্যাট হাতে নান্দনিকতার স্বাক্ষর রেখেছেন বারবার। অথচ প্রায় এক যুগের ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব আর শিশুসুলভ ভুলের পুনরাবৃত্তি দেখা গেছে বহুবার। পরিসংখ্যান বলে, কিংবদন্তির কাতারে পৌঁছানোর সব উপাদানই রয়েছে তাঁর মধ্যে।

প্রয়োজন কেবল আত্মশুদ্ধি, দৃঢ় প্রত্যয় আর ধারাবাহিকতার। নিজেকে শুধরে নিয়ে প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে লিটন হতে পারেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা, এমনকি বিশ্বক্রিকেটেরও এক উজ্জ্বল নক্ষত্র।











